পরকীয়া সম্পর্কের জেরে গৃহবধূ খুন, লামডিং থেকে গ্রেফতার অভিযুক্ত প্রেমিক

Spread the news

বরাক তরঙ্গ, ৯ জুন : সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্রে গড়ে ওঠা এক পরকীয়া সম্পর্কের মর্মান্তিক পরিণতিতে শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রেমিকের ধারালো অস্ত্রের কোপে প্রাণ হারিয়েছেন তিন সন্তানের জননী রোশনা বেগম। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত লামডিং রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত এবাদ উদ্দিন লস্করকে। তার বাড়ি হাইলাকান্দি জেলার মোহনপুর প্রথম খণ্ড এলাকায়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী কর্মসূত্রে বাইরে থাকার সময় মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে রোশনা বেগমের সঙ্গে এবাদের পরিচয় হয়। পরবর্তীতে সেই সম্পর্ক ঘনিষ্ঠতায় রূপ নেয়। কিছুদিন আগে স্থানীয়রা তাদের আপত্তিকর অবস্থায় ধরে পুলিশে সোপর্দ করেছিলেন। এরপর পারিবারিক অশান্তির জেরে রোশনা সন্তানদের নিয়ে বাবার বাড়ি গামারিয়ায় বসবাস শুরু করেন। যদিও স্থানীয়দের সতর্কতা সত্ত্বেও অভিযুক্ত গোপনে তার সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিল।

অভিযোগ, সোমবার রাত প্রায় ৮টার দিকে এবাদ রোশনার বাবার বাড়িতে পৌঁছে তাকে সঙ্গে নিয়ে চলে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করে। রোশনা রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে সে তাকে ঘর থেকে টেনে উঠোনে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর জখম অবস্থায় রোশনাকে প্রথমে রামকৃষ্ণনগর স্বাস্থ্যকেন্দ্র এবং পরে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।

এদিকে, আগরতলা-শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চেপে পালানোর সময় লামডিং স্টেশনে রেল পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে মৃতদেহ গ্রামে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *