শিলচরের রামনগর আইএসবিটি সড়কে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে পথচারী ও যানচালকরা

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৮ জুন : সামান্য বৃষ্টিতেই শিলচরের রামনগর আইএসবিটি সড়ক জলমগ্ন হয়ে পড়ছে। দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার সমস্যার কারণে রাস্তায় জমে থাকা জলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দা, পথচারী, স্কুল-কলেজের ছাত্রছাত্রী এবং যানবাহন চালকরা। দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রামনগর আইএসবিটি এলাকায় ফ্লাইওভারের নির্মাণকাজ চলাকালীন ড্রেনেজ ব্যবস্থা আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টির জল বের হতে পারছে না। ফলে অল্প বৃষ্টিতেই রাস্তার উপর জল জমে যাচ্ছে। এছাড়া সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। বৃষ্টির জলে সেই গর্তগুলো ঢেকে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যাচ্ছে। প্রতিদিনই এই সড়কে বাইক, অটোরিকশা ও অন্যান্য যানবাহন দুর্ঘটনার কবলে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। অনেক পথচারী ও যানচালক আহতও হয়েছেন। জলাবদ্ধতার কারণে দিন-রাত জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে সমস্যা চললেও প্রশাসন কিংবা জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে জনদুর্ভোগ ক্রমেই বাড়ছে। ভুক্তভোগী এলাকাবাসী প্রশাসনের কাছে অবিলম্বে জল নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ এবং সড়ক মেরামতের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *