বরাক তরঙ্গ, ৫ জুন : একদিকে পাঞ্জাবাড়ির জ্যোতি-বিষ্ণু কলামন্দিরে অসম সরকারের ১২ জন নতুন মন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান চলছিল, অন্যদিকে দিসপুর পুলিশের জালে ধরা পড়লেন বিজেপি মিত্রজোটের প্রার্থী। সদ্য সমাপ্ত নির্বাচনে চেঙা বিধানসভা কেন্দ্রের অগপ প্রার্থী সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে দিসপুর পুলিশ। অর্থদাবির একটি মামলায় তাঁকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গণেশগুড়ির গণেশ মন্দির সংলগ্ন এলাকায় অর্থদাবির অভিযোগে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, সাদ্দাম হোসেনের বিরুদ্ধে এর আগেও গুরুতর অভিযোগ উঠেছিল। ২০১৮ সালে সংঘটিত ব্যাঙ্ক কর্মকর্তা জুনু শর্মা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।
এদিকে, সদ্য সমাপ্ত নির্বাচনে চেঙা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ৫,৮৭৯টি ভোট পেয়েছিলেন সাদ্দাম হুসেইন। তাঁর গ্রেপ্তারিকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।



