বরাক তরঙ্গ, ৫ জুন : বিশ্ব পরিবেশ দিবসের দিনেই অসমের জোনাইয়ে এক বন্য হাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রায় ৬০ বছর বয়সী একটি বন্য হাতির মৃত্যু হয় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, হাতিটি পবা বনাঞ্চল থেকে লোকালয়ে প্রবেশ করেছিল। খাদ্যের সন্ধানে পূর্বেশ্বর কছারীর ভঁরালে রাখা ধান খেতে গেলে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অভিযোগ, গৃহস্থের পক্ষ থেকে অবৈধভাবে সংযোগ করা বিদ্যুতের তারের সংস্পর্শে আসার ফলেই হাতিটির মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন।
বিশ্ব পরিবেশ দিবসের দিন এমন একটি ঘটনা বন্যপ্রাণ সংরক্ষণ ও মানব-প্রাণী সংঘাতের বিষয়টিকে ফের সামনে নিয়ে এসেছে। স্থানীয়দের মধ্যে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



