মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩ জুন : দীর্ঘদিন ধরে চলতে থাকা জলাবদ্ধতা, কৃত্রিম বন্যা পরিস্থিতি এবং বেহাল জাতীয় সড়কের কারণে জনজীবনে নেমে আসা দুর্ভোগের প্রতিবাদে বুধবার শ্রীভূমি শহরে গণধরনা কর্মসূচি পালিত হয়। শম্ভুসাগর পার্ক প্রাঙ্গণে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সমাজকর্মী ও সচেতন নাগরিকরা অংশ নিয়ে অবিলম্বে সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানান।
ধরনায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সতু রায়, উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমদ, জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ, সুব্রত দেব, জ্যোতিষ পুরকায়স্থ, শাহাদত আহমদ চৌধুরী, অরুণাংশু ভট্টাচার্য, চন্দন চক্রবর্তী, নির্মল দে, সুব্রত পাল, আতিকুর বারি চৌধুরী, পূর্ণিমা চৌধুরী, পিক্লু দাস, সুজিতকুমার পাল, মনোলিনা নন্দী রায়, সুলেখা দত্ত চৌধুরী, সন্দীপ নন্দী, রুচিতা পুরকায়স্থসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ দিন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, সামান্য বৃষ্টিতেই শহরের অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। গত ১৬ মে ভারী বৃষ্টির পর বিভিন্ন ওয়ার্ডে নালা-নর্দমার জল ঘরে ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি ও দুর্ভোগের সৃষ্টি করেছিল। এই পরিস্থিতির স্থায়ী সমাধানের দাবিতেই গত ২৯ মে নাগরিক সভা থেকে গণধর্নার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান সতু রায়।
বিধায়ক জাকারিয়া আহমদ বলেন, জলাবদ্ধতা নিরসনে জল নিষ্কাশনের পথ বাধামুক্ত করা, নালাগুলি প্রশস্ত করা এবং প্রয়োজনীয় স্থানে বক্স কালভার্ট নির্মাণ জরুরি। পাশাপাশি সরকারি জমি দখলমুক্ত করা এবং পৌরসভার উদ্যোগে নিয়মিত ড্রেন পরিষ্কারের ওপরও জোর দেন তিনি। জাতীয় সড়কের ভগ্নদশা প্রসঙ্গে তিনি এনএইচআইডিসিএলের দ্রুত ও স্থায়ী সংস্কারমূলক পদক্ষেপের দাবি জানান।



