দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ৩ জুন : তরুণ ফুটবলারদের দক্ষতা বিকাশের লক্ষ্য নিয়ে ধলাই বিএনএমপি স্কুল মাঠে আয়োজিত ১৫ দিনব্যাপী ফুটবল কোচিং ক্যাম্পের সফল সমাপ্তি হয়েছে। শিলচর প্লেয়ার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং মাতৃভূমির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণ শিবিরে মোট ৬৭ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ৫১ জন পুরুষ এবং ১৬ জন মহিলা ফুটবলার ছিলেন।

ক্যাম্পে অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে খেলোয়াড়দের ফুটবলের বিভিন্ন কারিগরি ও কৌশলগত দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি শারীরিক সক্ষমতা বৃদ্ধি, ম্যাচ পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগও করে দেওয়া হয়। প্রশিক্ষণের মাধ্যমে খেলোয়াড়দের মধ্যে শৃঙ্খলা, দলগত সমন্বয় ও আত্মবিশ্বাস বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে ফুটবল জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থেকে অংশগ্রহণকারী খেলোয়াড়দের উৎসাহিত করেন। এদিন ধলাই মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তরুণ-তরুণী ফুটবলারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাস অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।
স্থানীয় ক্রীড়াপ্রেমী ও অভিভাবকদের মতে, এ ধরনের উদ্যোগ এলাকার প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে। আয়োজকদের এই উদ্যোগ ইতোমধ্যেই বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণমূলক কর্মসূচি নিয়মিত আয়োজনের দাবি জানিয়েছেন এলাকার ক্রীড়ানুরাগীরা।



