বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৩ জুন : ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) নিয়ে জনমনে সৃষ্টি হওয়া বিভ্রান্তি দূর করতে শিলচরে এক সাংবাদিক সম্মেলনে আইনটির বিভিন্ন দিক তুলে ধরলেন হাইলাকান্দির বিধায়ক মিলন দাস। তিনি দাবি করেন, ইউসিসি সম্পর্কে বিভিন্ন মহলে অপপ্রচার ও ভুল ব্যাখ্যা ছড়ানো হচ্ছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। বিধায়ক জানান, শপথ গ্রহণের পর সরকারের প্রথম বিধানসভা অধিবেশনেই ইউসিসি বিল পাস করা হয়েছে। আইনটির প্রকৃত উদ্দেশ্য ও বিষয়বস্তু মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মিলন দাসের বক্তব্য অনুযায়ী, বিলের প্রথম খণ্ডে বহুবিবাহ, তালাক প্রথা এবং লাভ জিহাদের মতো বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সংশ্লিষ্ট অপরাধের ক্ষেত্রে শাস্তির বিধান রাখা হয়েছে। দ্বিতীয় খণ্ডে সম্পত্তির অধিকারের বিষয়, তৃতীয় খণ্ডে লিভ-ইন সম্পর্কের আইনি কাঠামো এবং চতুর্থ খণ্ডে আইনটির ত্রুটি-বিচ্যুতি সংশোধনের সুযোগ সংক্রান্ত বিধান রয়েছে বলে তিনি জানান
তিনি আরও বলেন, ইউসিসি কোনও নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে নয়; বরং এটি একটি সমাজ সংস্কারমূলক আইন। সমাজে সমতা প্রতিষ্ঠা, নারীর অধিকার সুরক্ষা এবং আইনের সমান প্রয়োগ নিশ্চিত করাই এই আইনের মূল লক্ষ্য। যারা সামাজিক সংস্কারের বিরোধিতা করেন, তারাই ইউসিসি নিয়ে অযথা বিতর্ক তৈরি করছেন বলেও মন্তব্য করেন তিনি।
এদিনের সভায় উপস্থিত জেলা বিজেপি সভাপতি রূপম সাহা বলেন, নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা ইউসিসি কার্যকর করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে। তাঁর মতে, নারীর ক্ষমতায়ন ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় এই আইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সাংবাদিক সম্মেলনে আসন্ন বিশ্ব পরিবেশ দিবস এবং কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে বিজেপির বিভিন্ন কর্মসূচির রূপরেখাও তুলে ধরা হয়।



