বরাক তরঙ্গ, ৩ জুন : নলবাড়ীির হত্যাকাণ্ডের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মরিগাঁও জেলার মিকিরভেটা এলাকায় এক যুবকের বিরুদ্ধে প্রাক্তন প্রেমিকাকে প্রাণনাশের চেষ্টা করার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবক রিবুল আলি বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, কিছুদিন আগে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই রিবুল আলি ওই যুবতীকে ব্ল্যাকমেল করার পাশাপাশি একাধিকবার শারীরিকভাবে হেনস্তা ও মারধর করে আসছিল। গত মঙ্গলবার রাত প্রায় সাড়ে ১০টার দিকে অভিযুক্ত যুবতীর বাড়িতে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় এবং তাকে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ।
ঘটনার পর আহত যুবতী ও তাঁর পরিবারের সদস্যরা থানায় অভিযোগ জানাতে গেলে রিবুল আলি এবং তাঁর পরিবারের লোকজন পুনরায় তাদের উপর হামলার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে মিকিরভেটা থানায় রিবুল আলি ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। রাতেই পুলিশ অভিযুক্তদের খোঁজে অভিযান চালালেও তারা পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পরদিন সকালে রিবুল আলি আবারও যুবতীকে প্রাণনাশের হুমকি দেয় এবং পরিবারের সদস্যদেরও সতর্ক থাকার নামে ভয়ভীতি প্রদর্শন করে।
এদিকে, অভিযোগ দায়েরের পরও অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার। রিবুল আলি গুয়াহাটির একটি বেসরকারি শপিং মলে কর্মরত ছিল বলে জানা গেছে। বর্তমানে সে মহানগরীতে আত্মগোপন করে রয়েছে বলে সন্দেহ পরিবারের। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে পরিবার ও স্থানীয় বাসিন্দারা।



