জোনাইয়ে মসজিদে মাইকে আজান বন্ধের দাবিতে ১৮ সংগঠনের স্মারকলিপি

Spread the news

বরাক তরঙ্গ, ৩ জুন : ধেমাজি জেলার সীমান্তবর্তী জোনাই এলাকায় বিভিন্ন মসজিদে উচ্চস্বরে মাইকে আজান দেওয়াকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। শৈক্ষিক ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ তুলে ১৮টি জাতীয় ও জনজাতীয় সংগঠন জোনাই সদর থানায় একটি স্মারকলিপি প্রদান করে।

স্মারকলিপি প্রদানকারী সংগঠনগুলোর মধ্যে টিএমপিকে, আসু, এজেওয়াইসিপি, আগসুসহ একাধিক সংগঠন রয়েছে। সংগঠনগুলোর দাবি, জোনাই উত্তর-পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকা, যেখানে বিভিন্ন আদিবাসী ও খিলঞ্জিয়া জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের পরিবেশে বসবাস করে আসছে। তবে সাম্প্রতিক সময়ে কয়েকটি মসজিদে উচ্চস্বরে মাইকে আজান সম্প্রচারকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জোনাই বাজার, কমলপুর, নগাঁও এবং মুর্কংচেলেক মহাবিদ্যালয়ের নিকটবর্তী কয়েকটি মসজিদে উচ্চস্বরে মাইকে আজান সম্প্রচারের ফলে এলাকার শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত শব্দদূষণের কারণে সামাজিক পরিবেশেও নেতিবাচক প্রভাব পড়ছে বলে সংগঠনগুলোর দাবি।

এ প্রসঙ্গে টিএমপিকের এক নেতা বলেন, “জোনাইয়ে চারটি মসজিদ রয়েছে। কেউ ধর্ম পালন করলে তাতে আমাদের কোনও আপত্তি নেই। ধর্মনিরপেক্ষ দেশে প্রত্যেকেরই নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। কিন্তু ধর্মীয় কার্যক্রমের কারণে অন্যদের অসুবিধার সম্মুখীন হতে হলে তা গ্রহণযোগ্য নয়। আমরা বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট মসজিদ কমিটিগুলোর সঙ্গে আলোচনা করেছি, কিন্তু কোনও ইতিবাচক সাড়া পাইনি। তাই ভবিষ্যতে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্যই পুলিশের কাছে স্মারকলিপি জমা দিয়েছি।”

সংগঠনগুলোর পক্ষ থেকে জোনাই এলাকায় সুস্থ শিক্ষাব্যবস্থা, সামাজিক সম্প্রীতি এবং আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে মসজিদে উচ্চস্বরে মাইকের ব্যবহার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *