বরাক তরঙ্গ, ৩১ মে : কাছাড় জেলার ধলাইয়ের দক্ষিণ চান্নিঘাট এলাকার ১৩৮ ও ২৫২ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল পরিকাঠামো নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা, অভিভাবক এবং কেন্দ্রের কর্মীরা। একই ভবনে দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিচালিত হলেও দীর্ঘদিন ধরে ভবনটির কোনো সংস্কার বা মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে সংঘটিত প্রবল শিলাবৃষ্টিতে কেন্দ্রটির চাল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে ভবনের বেশ কিছু অংশ ছাউনিহীন অবস্থায় পড়ে রয়েছে। ফলে শিশুদের পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে শ্রেণিকক্ষের অবস্থা আরও শোচনীয় হয়ে ওঠে, যার কারণে শিশুদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ নিয়ে উদ্বেগ বাড়ছে।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের দাবি, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনা হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দা রুমিরানি পাল, জগদিশ দাশ সহ সচেতন নাগরিক ও অভিভাবকরা।
স্থানীয়দের বক্তব্য, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষার পাশাপাশি গর্ভবতী ও প্রসূতি মায়েদের টিকাদান এবং বিভিন্ন স্বাস্থ্যসেবামূলক কর্মসূচিও পরিচালিত হয়। তাই কেন্দ্রটির বর্তমান জরাজীর্ণ অবস্থা শিশু ও মায়েদের নিরাপত্তার জন্যও বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে।
এ অবস্থায় দ্রুত সংস্কার কাজ শুরু করে কেন্দ্রটিকে ব্যবহারযোগ্য করে তোলার জন্য প্রশাসন ও সমাজকল্যাণ বিভাগের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।



