বরাক তরঙ্গ, ২৯ মে : ধলাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক অমিয়কান্তি দাস এক ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে নিজের উন্নয়নমূলক কাজের মূল্যায়নের দায়িত্ব ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার বিএনএমপি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আগামী এক বছরে তাঁর বিধানসভা এলাকায় যেসব উন্নয়নমূলক কাজ হবে, সেগুলির তথ্য সংগ্রহ করে আগামী বছর একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা উচিত। সেখানে তাঁর কাজের সাফল্য, সীমাবদ্ধতা ও ত্রুটি নিয়েও খোলামেলা আলোচনা হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
বিধায়ক বলেন, গণতন্ত্রে জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মের মধ্যে বিশ্লেষণী মনোভাব ও সামাজিক সচেতনতা গড়ে তুলতেই এই উদ্যোগ। পাশাপাশি শিক্ষার্থীদের উৎসাহিত করতে তিনি ঘোষণা করেন, বিদ্যালয়ের পাঁচজন কৃতী ছাত্রছাত্রীকে ভবিষ্যতে অসম বিধানসভার অধিবেশন সরাসরি দেখার সুযোগ করে দেওয়া হবে।
এদিন বিদ্যালয়ের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় সাফল্য অর্জনকারী মোট ১১১ জন কৃতী শিক্ষার্থীকে মানপত্র ও নগদ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি পিনাকী বর্মন, প্রধান শিক্ষক পিনাক চক্রবর্তী, শিক্ষা বিভাগের কর্মকর্তা বিদ্যুৎ দেব চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিরা।



