অসম চুক্তির ৬ নম্বর ধারায় মেইতেই সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করার দাবিতে শিলচরে বিক্ষোভ

Spread the news

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ মে : অসম চুক্তির ৬ নম্বর ধারায় মেইতেই সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করার দাবিতে শিলচরে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির আয়োজন করে অল আসাম ইন্ডিজেনাস মেইতেইস অ্যাসোসিয়েশন এবং অল আসাম মেইতেইস উইমেন প্রোটেকশন অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি।

সংগঠন দু’টির পক্ষ থেকে জানানো হয়, অসমে বসবাসকারী মেইতেই সম্প্রদায় দীর্ঘদিন ধরে নিজেদের সাংবিধানিক অধিকার, নিরাপত্তা এবং সামাজিক স্বীকৃতির দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। তাদের অভিযোগ, অসম চুক্তির ৬ নম্বর ধারায় অন্যান্য খিলঞ্জিয়া জনগোষ্ঠীর জন্য সাংবিধানিক সুরক্ষা ও উন্নয়নের নানা ব্যবস্থা থাকলেও মেইতেই সম্প্রদায় এখনও সেই সুবিধা থেকে বঞ্চিত।

বিক্ষোভস্থল থেকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে দ্রুত মেইতেই সম্প্রদায়কে ৬ নম্বর ধারার আওতায় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। পাশাপাশি শিক্ষা, ভাষা, সংস্কৃতি ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ সুরক্ষা প্রদানেরও আবেদন জানান বিক্ষোভকারীরা।
আন্দোলনকারীদের বক্তব্য, অসমের অন্যতম প্রাচীন ও আদিবাসী জনগোষ্ঠী হিসেবে মেইতেই সম্প্রদায়ের স্বীকৃতি ও সার্বিক উন্নয়নের জন্য সরকারের ইতিবাচক পদক্ষেপ অত্যন্ত জরুরি। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই অবস্থান বিক্ষোভে সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন এবং দ্রুত সরকারি হস্তক্ষেপের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *