শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ২৭ মে : খোঁজ শিলচর-এর উদ্যোগে সোনাই এনজিএইচএস স্কুল মাঠে আয়োজিত পরেশচন্দ্র দত্ত ও জ্যোৎস্না দত্ত স্মৃতি প্রাইজমানি অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে জয়ী হল স্বাধীনবাজার এফসি। তাঁরা ৩–০ গোলে শিলচরের ডিএসএ ফুটবল অ্যাকাডেমিকে পরাজিত কর। ম্যাচের প্রথমার্ধ্বে গোলশূন্যভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধে খেলায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে স্বাধীন বাজার এফসি। দলের হয়ে ৫০ মিনিটে প্রথম গোল করেন জাবিদ হোসেন। এরপর ৫৬ মিনিটে নুরজামান লস্কর দ্বিতীয় গোল করেন এবং ৬৫ মিনিটে ইফাজ উদ্দিন লস্কর তৃতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন।
দুর্দান্ত পারফরম্যান্সের জন্য স্বাধীনবাজার এফসির জাবিদ হোসেনকে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়। পুরস্কার তুলে দেন জামির উদ্দিন লস্কর, বদর উদ্দিন মজুমদার, সজল লস্কর এবং সুবনয় দাস। এ দিন ম্যাচ পরিচালনা করেন টিটু লস্কর, রকিব হোসেন বড়ভূইয়া, আবু আব্বাস লস্কর ও হোসেন আহমদ। আগামীকাল বৃহস্পতিবার কোনও ম্যাচ অনুষ্ঠিত হবে না।



