বরাক তরঙ্গ, ২৭ মে : আবারও ঘুষকাণ্ডে জড়িয়ে এক সরকারি আধিকারিক পুলিশের জালে। দুর্নীতি দমন শাখার অভিযানে গ্রেফতার হয়েছেন ACS আধিকারিক নরেনচন্দ্র বসুমতারি। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, নরেনচন্দ্র বসুমতারি অসম মৎস্য উন্নয়ন নিগমের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অভিযোগ, দায়িত্বে থাকাকালীন সময়ে আর্থিক অনিয়ম ও ঘুষ লেনদেন সংক্রান্ত একাধিক তথ্য দুর্নীতি দমন শাখার হাতে আসে। এরপরই শুরু হয় তদন্ত।
তদন্তের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় এবং পরে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়। যদিও ঠিক কোন মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বা কত টাকার লেনদেনের অভিযোগ উঠেছে, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি তদন্তকারী সংস্থা।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজ্যে একের পর এক দুর্নীতির অভিযোগে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন শাখা। ফলে প্রশাসনের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। মঙ্গলবার সাতজন আধিকারিক ও কর্মচারীকে গ্রেফতার করা হয়।



