বরাক তরঙ্গ, ২৬ মে : উচ্চশিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আসাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগ ও আসাম স্কিল ইউনিভার্সিটির ইনফরমেশন টেকনোলজি বিভাগের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার মঙ্গলদৈয়ে আসাম স্কিল ইউনিভার্সিটিতে এই চুক্তি স্বাক্ষর করা হয়।
এদিন স্কিল ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আসাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান অধ্যাপক প্রদীপ্ত দাস, অধ্যাপক পঙ্কজকুমার দেব শর্মা ও ড. রাহুলকুমার চাওড়া। আসাম স্কিল ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার হানিফ নুরানি, ইনফরমেশন টেকনোলজির ডিন তথা বিভাগীয় প্রধান অধ্যাপক এমকে ডেকা, ড. মুনসিফা ফিরদৌস খান বড়ভূইয়া, ড. আবদুল হান্নান, ড. উৎপল বর্মন সহ অন্যরা।
বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক এমকে ডেকা উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে বলেন, এই সহযোগিতা দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণামূলক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। এই সমঝোতা চুক্তির ফলে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি, যৌথ গবেষণা কার্যক্রম ও ইন্টার্নশিপের সুযোগ সম্প্রসারণের বিষয়ে উভয় প্রতিষ্ঠান একমত হয়েছে। এর পাশাপাশি, দুই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অনুমোদন সাপেক্ষে আসাম স্কিল ইউনিভার্সিটির উদ্যোগে চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন ‘অমৃত-২০২৬’ আয়োজনের প্রস্তাবও গৃহীত হয়েছে।

আগামী জুলাই মাসে আসাম স্কিল ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর সফর করবে বলেও জানানো হয়েছে। এছাড়া সমঝোতা স্মারকে উল্লিখিত কর্মসূচিগুলির বাস্তবায়ন ও ভবিষ্যৎ সম্প্রসারণ নিয়ে শীঘ্রই উভয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা পুনরায় বৈঠকে বসবেন।
বক্তারা আশা প্রকাশ করে বলেন, এই অংশীদারিত্ব উত্তর-পূর্বাঞ্চলে উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি, অঞ্চলের এবং দেশের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে দক্ষ প্রযুক্তিবিদ, প্রকৌশলী ও উদ্যোক্তা গড়ে তুলতেও এই উদ্যোগ সহায়ক হবে। প্রসঙ্গত, সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন আসাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদোষ কিরণ নাথ ও স্কিল ইউনিভার্সিটির রেজিস্ট্রার হানিফ নুরানি।



