মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৬ মে : পাথারকান্দির ব্লক বাজার এলাকায় বিদ্যুৎ লাইনের কাজে ব্যবহৃত মূল্যবান সামগ্রী চুরির চেষ্টাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাতের অন্ধকারে চুরি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে হাতেনাতে ধরা পড়ে এক যুবক। পরে উত্তেজিত জনতা তাকে পাথারকান্দি থানার পুলিশের হাতে তুলে দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্লক বাজার এলাকায় নতুন বিদ্যুৎ লাইনের কাজ চলছিল। ওই কাজের জন্য বিদ্যুৎ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কিছু মূল্যবান সরঞ্জাম স্থানীয় বাসিন্দা ফনি দেবের বাড়িতে অস্থায়ীভাবে মজুত করে রেখেছিলেন। সেখানে বিদ্যুতের তার, নাট-বল্টু ও বিভিন্ন সংযোগ সামগ্রী রাখা ছিল।
অভিযোগ, বিদ্যুৎ লাইনের কাজে নিয়োজিত শ্রমিক মুক্তার হোসেন পরিকল্পিতভাবে ওই সামগ্রী চুরির চেষ্টা চালায়। অভিযুক্তের বাড়ি আছিমগঞ্জের তাতিরবন্দ এলাকায় বলে জানা গেছে। দিনের কাজ শেষে বাড়ি যাওয়ার কথা বলে ছুটি নিলেও রাতে সে গোপনে মজুত সামগ্রী সরানোর চেষ্টা করে বলে অভিযোগ ওঠে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা তার সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে নজরদারি শুরু করেন। একপর্যায়ে বিদ্যুতের মূল্যবান তার ও অন্যান্য সরঞ্জাম নিয়ে পালানোর সময় জনতা তাকে হাতেনাতে ধরে ফেলে। এরপর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই পরিকল্পিতভাবে সামগ্রী সরানোর চেষ্টা চলছিল। তবে এবার সরাসরি ধরা পড়ে যায় অভিযুক্ত। ক্ষুব্ধ জনতা তাকে আটক করে গণধোলাই দেয় বলেও অভিযোগ উঠেছে। পরে এলাকার কয়েকজন প্রবীণ ব্যক্তি হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাথারকান্দি থানার পুলিশ। পুলিশ অভিযুক্ত মুক্তার হোসেনকে জনতার হাত থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় চুরির উদ্দেশ্যে সরিয়ে নেওয়া বিদ্যুতের তার, নাট-বল্টু ও অন্যান্য সরঞ্জাম। পরে সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়।



