বরাক তরঙ্গ, ২৫ মে : শিবসাগরের বগীদল মাদুরী মলা গ্রামে পুলিশ ও দুষ্কৃতীদের মধ্যে তীব্র গুলির লড়াইয়ের ঘটনা ঘটেছে। পুলিশের গুলিতে আহত হয়েছে দুই দুষ্কৃতী। আহত দুই ব্যক্তিকে আলফা সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।
ঘটনা সূত্রে জানা গেছে, রবিবার শিবসাগরের ব্যবসায়ী লাচিত গগৈয়ের কাছে ৮ লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল একটি দল। দাবি করা টাকা নিতে বগীদল মলা গ্রামের নিকটে ছয় সদস্যের একটি দল পৌঁছায়। কিন্তু টাকা নিতে এসে পুলিশের মুখোমুখি হয়ে পড়ে তারা।
পুলিশকে দেখেই সন্দেহভাজন আলফা সদস্যরা প্রথমে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা জবাব দেয় পুলিশও। উভয় পক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক গুলিবিনিময়। এতে আহত হয় দুই সন্দেহভাজন। আহত দুই ব্যক্তি হল বগীদল মলা গ্রামের ঋতু গগৈ ও জিতু গগৈ।
ঘটনা সম্পর্কে শিবসাগরের জ্যেষ্ঠ পুলিশ সুপার পাপরি চেতিয়া জানান, “লাচিত গগৈ নামে এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা দাবি করেছিল দলটি। সেই টাকা নিতে তিনটি মোটরসাইকেলে করে ছয়জন এসেছিল। পুলিশকে দেখেই তারা গুলি চালায়। পাল্টা গুলিতে দুই দুষ্কৃতী আহত হয়েছে। বাকি চারজন বর্তমানে পলাতক।”
দুষ্কৃতীরা আদৌ আলফার সদস্য কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে এসএসপি পাপরি চেতিয়া বলেন, “এখনও পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।”
এদিকে, আহত ঋতু গগৈকে উন্নত চিকিৎসার জন্য ডিব্রুগড় মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। অন্যদিকে জিতু গগৈকে শিবসাগর অসামরিক হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে দু’টি বাইক এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত পনেরো দিন ধরে লাচিত গগৈয়ের কাছে চাঁদা দাবি করে আসছিল দলটি। এর আগেও পুলিশ তাদের ধরার চেষ্টা করলেও ব্যর্থ হয়। অবশেষে পুলিশের জালে ধরা পড়ে দুষ্কৃতীদের দলটি, যার জেরে দুই পক্ষের মধ্যে তীব্র গুলির লড়াই শুরু হয়।



