বরাক তরঙ্গ, ২৫ মে, সোমবার,
বর্ষা এখনও পুরোপুরি শুরু হয়নি, অথচ শ্রীভূমি জেলা সদরের চিত্র ইতিমধ্যেই উদ্বেগজনক। সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ছে। আষাঢ়-শ্রাবণে যদি টানা সপ্তাহখানেক ভারি বর্ষণ হয়, তাহলে পরিস্থিতি যে ভয়াবহ আকার নেবে তা সহজেই অনুমান করা যায়। শহরের অধিকাংশ এলাকা জলাবদ্ধ হয়ে পড়বে, হাজার হাজার মানুষ গৃহবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হবেন। তাই এখনই প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি।
শহরের ব্রজেন্দ্র রোড, স্টিমারঘাট রোড, লক্ষ্মীচরণ রোড, নীলমণি রোড, পূর্ববাজার, চরবাজার কিংবা সেটেলমেন্ট এলাকা—প্রায় সর্বত্র একই চিত্র। এক পশলা বৃষ্টিতেই হাঁটু সমান জল জমে মানুষের চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। দোকানপাটে জল ঢুকে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন। বহু পরিবার বাড়ির ভেতরে আটকে পড়েন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন শিশু, বৃদ্ধ এবং অসুস্থ মানুষজন।
এই পরিস্থিতির জন্য মূলত দায়ী দীর্ঘদিনের অব্যবস্থাপনা। শহরের নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। ড্রেন নিয়মিত পরিষ্কার না করা। অনেক জায়গায় ড্রেন দখল হয়ে গেছে, আবার কোথাও অপরিকল্পিত নির্মাণের কারণে জল নিষ্কাশনের পথ বন্ধ হয়ে পড়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে কৃত্রিম বন্যা।
প্রশাসনের উচিত অবিলম্বে শহরের ড্রেন ও নিকাশি ব্যবস্থার সংস্কারে উদ্যোগ নেওয়া। জলনিকাশের স্থায়ী পরিকল্পনা গ্রহণ, অবৈধ দখল উচ্ছেদ এবং বেহাল রাস্তার দ্রুত মেরামত এখন সময়ের দাবি।



