২৫ মে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা বলয়ে বড়সড় ফাঁকফোকরের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বেঙ্গালুরুতে। প্রধানমন্ত্রীর কনভয় যাওয়ার মাত্র আধ ঘণ্টা আগে বিস্ফোরক উদ্ধার হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। ঘটনায় চরম গাফিলতির অভিযোগে এক সাব-ইনস্পেক্টর-সহ মোট ৬ জন পুলিশকর্মীকে সাসপেন্ড করেছে কর্ণাটক পুলিশ।
জানা গেছে, গত ১০ মে আধ্যাত্মিক গুরু শ্রীশ্রী রবি শঙ্করের ‘আর্ট অফ লিভিং’ সেন্টারে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। নির্ধারিত রুটের মাত্র দুই কিলোমিটার দূরে কুপ্পারেড্ডি কেরি এলাকায় তল্লাশি চালানোর সময় রাস্তা থেকে প্রায় ২৫ ফুট ভেতরে একটি সন্দেহজনক বাক্স উদ্ধার হয়। সেই বাক্সে জিলোটিন স্টিক, ব্যাটারি, দেশলাই, বৈদ্যুতিক তার এবং টাইম-পিস ঘড়ি পাওয়া যায়, যা দিয়ে নির্দিষ্ট সময়ে বিস্ফোরণ ঘটানো সম্ভব।
নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী, প্রধানমন্ত্রীর কনভয় যে পথ দিয়ে যাবে তার অন্তত আধ কিলোমিটার এলাকা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত বলে নিশ্চিত করতে হয় স্থানীয় পুলিশকে। সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে রুট নিরাপদ বলে রিপোর্ট দেওয়া হলেও, বিস্ফোরক উদ্ধারের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকর সামনে চলে আসে। এরপরই বেঙ্গালুরু দক্ষিণের পুলিশ সুপার আর শ্রীনিবাসন গৌড়া দ্রুত পদক্ষেপ করে ৬ জন পুলিশকর্মীকে সাসপেন্ড করেন। তদন্তের স্বার্থে অভিযুক্তদের পরিচয় গোপন রাখা হয়েছে।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে তদন্তভার দেওয়া হয়েছে National Investigation Agency-এর হাতে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, উদ্ধার হওয়া বিস্ফোরকগুলি কার্যক্ষম ছিল না এবং তা দিয়ে বিস্ফোরণ ঘটানোর সম্ভাবনাও ছিল না। তবে তদন্তকারীদের অনুমান, এটি নাশকতাকারীদের এক ধরনের ‘মক ড্রিল’ বা নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা যাচাইয়ের চেষ্টা হতে পারে। ইতিমধ্যেই তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে এনআইএ।



