বরাক তরঙ্গ, ২৪ মে : অসমে মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ গুয়াহাটির মালিগাঁও এলাকার বিশিষ্ট সমাজসেবী ভেঙ্কট রাও-কে “যুব দর্পণ এক্সেলেন্ট অ্যাওয়ার্ডস ২০২৬”-এর জন্য মনোনীত করা হয়েছে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের কর্মচারী হওয়ার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। বিশেষ করে রক্তদান ও জরুরি রক্ত সহায়তা পরিষেবায় তাঁর অবদান বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।
ভেঙ্কট রাও প্রতিষ্ঠিত “Human Helping Hand Blood Donors Organization” নামক স্বেচ্ছাসেবী সংগঠনটি ইতিমধ্যেই অসংখ্য অসহায় ও জরুরি রোগীর পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। সংগঠনের মাধ্যমে নিয়মিত রক্তদান শিবির, সচেতনতা কর্মসূচি এবং জরুরি রক্ত সংগ্রহের কাজ পরিচালিত হয়ে আসছে।
তিনি জানান, ভবিষ্যতে অসমজুড়ে আরও বৃহৎ রক্তদাতা নেটওয়ার্ক গড়ে তুলে মানবিক সহায়তা পরিষেবাকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে। সমাজের যুব সম্প্রদায়কে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করাও তাঁর অন্যতম লক্ষ্য।
সমাজসেবামূলক কর্মকাণ্ড ও মানবিক অবদানের জন্য ইতিমধ্যেই তিনি বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের কাছ থেকে সম্মাননা ও প্রশংসাপত্র লাভ করেছেন।
সাপ্তাহিক পত্রিকা ও ডিজিটাল মিডিয়া “যুব দর্পণ”-এর উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন “নেতাজি ছাত্র যুব সংস্থা”-র সহযোগিতায় আগামী ৩১ মে গুয়াহাটির লোহিয়া লায়ন্স গৌহাটি অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হবে।



