মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৪ মে : পাথারকান্দি বিধানসভা এলাকার উত্তর গোপালপুরের ঘন অরণ্য ঘেরা বিস্তীর্ণ অঞ্চলকে ঘিরে ফের জোরালো হয়েছে প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনার আলোচনা। বহুদিন ধরেই স্থানীয় মানুষের মুখে মুখে ঘুরে বেড়ানো এই বিশ্বাস এখন নতুন করে বাস্তবতার রূপ নিতে শুরু করেছে। গ্রামের মাটির নিচে বিপুল প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার থাকার সম্ভাবনা সামনে আসতেই এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য ও আশাবাদ।
স্থানীয় প্রবীণদের দাবি, প্রায় একশো বছর ধরেই এই অঞ্চলে প্রাকৃতিক গ্যাস ও অন্যান্য খনিজ সম্পদের উপস্থিতির কথা শোনা যায়। অতীতে বিভিন্ন সময়ে অনুসন্ধানকারী সংস্থা ও বিশেষজ্ঞরা এলাকায় এসে মাটি ও নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষাও চালিয়েছিলেন। এমনকি ওএনজিসি-র প্রতিনিধিরাও একাধিকবার সমীক্ষা পরিচালনা করেছিলেন বলে দাবি গ্রামবাসীদের। তবে দীর্ঘ অনুসন্ধানের পরও আজ পর্যন্ত বড় ধরনের কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে আক্ষেপ প্রকাশ করেছেন স্থানীয়রা।

সম্প্রতি জঙ্গলের ভেতরে মাটির নিচ থেকে গ্যাসের বুদবুদ সদৃশ নির্গমনের দৃশ্য সামনে আসতেই দূরদূরান্ত থেকে মানুষ ভিড় জমাতে শুরু করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আশার আলো দেখছেন উত্তর গোপালপুরের বাসিন্দারা। তাঁদের বিশ্বাস, সঠিক বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধান ও গ্যাস উত্তোলনের কাজ শুরু হলে গোটা বরাক উপত্যকার অর্থনৈতিক মানচিত্র বদলে যেতে পারে।
স্থানীয়দের মতে, এই সম্ভাবনাময় প্রকল্প বাস্তবায়িত হলে শিল্পায়ন, কর্মসংস্থান, রাস্তা-যোগাযোগ, বিদ্যুৎ ও স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের সুযোগ তৈরি হবে। যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থানের পথ খুলে যেতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তাঁরা।



