বরাক তরঙ্গ, ২৪ মে : দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন তিন যুবক। আহত হয়েছেন আরও দু’জন। ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয় পলাশবাড়ি থানার অন্তর্গত বাজারপাড়া এলাকায় মির্জা-পলাশবাড়ি সড়কে শনিবার গভীর রাতে। গুরুতর আহত অবস্থায় দুই যুবককে গৌহাটি চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল (জিএমসিএইচ)-এ ভর্তি করা হয়েছে।
জানা গেছে, রাত প্রায় দু’টো নাগাদ প্রবল বৃষ্টির মধ্যে উল্টো দিক থেকে আসা দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। একটি বাইকে দুইজন এবং অপর বাইকে তিনজন যুবক আরোহী ছিলেন। অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। সংঘর্ষের তীব্রতায় পাঁচজনই রাস্তায় ছিটকে পড়েন।
ঘটনার খবর পেয়ে পলাশবাড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মির্জার একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তিন যুবককে মৃত ঘোষণা করেন। আহত অপর দুই যুবকের অবস্থা সংকটজনক হওয়ায় তাঁদের দ্রুত জিএমসিএইচ-এ স্থানান্তর করা হয়।
মৃতদের মধ্যে দু’জনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন মাজিরগাঁওয়ের জ্যোতি কলিতা এবং মাগুপাড়ার নিখিল দাস। মৃত অপর যুবকের পরিচয় এখনও জানা যায়নি। আহত দুই যুবকের নাম দীপাঙ্কর কলিতা এবং অৰ্ণব বৰ্মন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।



