ট্রাম্পের উপস্থিতিতেই হোয়াইট হাউসের কাছে বন্দুকবাজের হামলা

Spread the news

২৪ মে : হোয়াইট হাউসের কাছে বন্দুকবাজের হামলা। আমেরিকার স্থানীয় সময় অনুয়ায়ী শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে। যদিও নিরাপত্তা রক্ষীদের গুলিতে নিহত হয়েছেন সন্দেহভাজন বন্দুকবাজ। হোয়াইট হাউস চত্বরে থাকা সিক্রেট সার্ভিসের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রের খবর, সন্দেহভাজন বন্দুকবাজ হোয়াইট হাউসের কাছে এসে ব্যাগ থেকে অস্ত্র বের করে কর্তব্যরত আধিকারিকদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। পরিস্থিতির গুরুত্ব বুঝে সিক্রেট সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিক পালটা গুলি চালান। এতে হামলাকারী গুরুতর আহত হন এবং তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এই গুলির লড়াইয়ের সময় এক পথচারীও আহত হয়েছেন। তবে সেই গুলি সন্দেহভাজনের নাকি নিরাপত্তা রক্ষীদের তা এখনও স্পষ্ট নয়। ওই পথচারীর শারীরিক অবস্থার কোনও আপডেট পাওয়া যায়নি। সিক্রেট সার্ভিসের দাবি, এই ঘটনায় তাঁদের কোনও সদস্য আহত হননি।

ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরেই ছিলেন। তবে হোয়াইট হাউস কর্তৃপক্ষের দাবি, প্রেসিডেন্ট পুরো ঘটনার বিষয়ে অবগত থাকলেও তিনি নিরাপদ ছিলেন। উল্লেখ্য, এই ঘটনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর সিনিয়ার সহযোগীদের নিয়ে ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনে শান্তি চুক্তি নিয়ে আলোচনা করছিলেন।

ঘটনার পরপরই হোয়াইট হাউসের নর্থ লন এলাকা খালি করে দেওয়া হয় এবং নিরাপত্তার স্বার্থে এক ঘণ্টার জন্য পুরো এলাকা লকডাউন করা হয়। এ সময় ঘটনাস্থলে থাকা সাংবাদিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় এবং হোয়াইট হাউসের ছাদে স্নাইপার মোতায়েন করা হয়। এফবিআই ও সিক্রেট সার্ভিস ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *