দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ মে : চেংকুড়ি রোডের জেপি গ্যাস এজেন্সির বিরুদ্ধে গ্রাহকদের সঙ্গে অবহেলার অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এদিন সকালে মোবাইলে গ্যাস ডেলিভারির নোটিফিকেশন পাওয়ার পরও নির্ধারিত সময়ে সিলিন্ডার না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন বহু গ্রাহক। পরে তাঁরা এজেন্সির সামনে জড়ো হয়ে ঘেরাও ও বিক্ষোভ প্রদর্শন করেন।
অভিযোগ অনুযায়ী, এজেন্সির কর্মীরা ফোন করে গ্রাহকদের রেফারেন্স নম্বর সংগ্রহ করলেও পরে সিলিন্ডার সরবরাহ করা হয়নি। স্থানীয়দের দাবি, গুদামে পর্যাপ্ত সিলিন্ডার মজুত থাকা সত্ত্বেও সাধারণ গ্রাহকদের দেওয়া হচ্ছে না। তাঁদের সন্দেহ, সিলিন্ডারগুলি অবৈধভাবে কালোবাজারে বিক্রি করা হচ্ছে।
ঘটনাস্থলে উপস্থিত গ্রাহকেরা চাহিদা ও সরবরাহের মধ্যে বিস্তর অসঙ্গতির অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি বিষয়টির নিরপেক্ষ তদন্ত এবং উপযুক্ত প্রশাসনিক হস্তক্ষেপের দাবিও জানান তাঁরা।



