ভাষা শহিদ দিবসে হাইলাকান্দিতে রক্তদান ৩৫ জনের

Spread the news

বরাক তরঙ্গ, ২০ মে : ভাষা সেনানীদের স্মরণে হাইলাকান্দিতে ৩৫ জন রক্তদাতা সেচ্ছায় রক্তদান করেন। মঙ্গলবার ১৯  মে ছিল ৬৫তম একাদশ ভাষা শহিদ দিবস। আর একই দিনে ছিল বরাক ভ‍্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের ২৫তম প্রতিষ্ঠা দিবস। এদিন থেকেই ফোরামের রজত জয়ন্তী বর্ষের সূচনা হয়।

এদিন সকাল এগারোটায় হাইলাকান্দির একাদশ শহিদ সরণী রোডে অবস্থিত দুর্গাবাড়ির নাট মন্দিরে এক স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। মূলত ব‍্যবসায়ী প্রতিষ্ঠান সুরানা মটরসের উদ‍্যোগে আয়োজিত এই শিবির পরিচালনায় সহযোগিতায় ছিল ফোরামের হাইলাকান্দি জেলা সমিতি।

ফোরামের জেলা সমিতির সভাপতি সুশান্তমোহন চট্টোপাধ্যায়ের পৌরহিত‍্যে অনুষ্ঠিত প্রারম্ভিক সভায় উপস্থিত সব বিশিষ্ট ব‍্যক্তিগণকে সুরানা মটরসের পক্ষ থেকে উত্তরীয় দিয়ে সম্মাননা জানান সুরানা মটরসের কর্মীবৃন্দ। এরপর সভাপতি ও অন‍্যান‍্য অতিথিগণ একাদশ শহিদের প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন করে শিবিরের সূচনা করেন। এরপর উদ্দেশ‍্য ব‍্যাখ‍্যা করেন সুরানা মটরস কর্তৃপক্ষের পক্ষে সঞ্জীব দে। তিনি উনিশের প্রেক্ষিতে ফোরামের জন্মদিনের তাৎপর্য ব‍্যাখ‍্যা করে বলেন যে গত আঠারো বছর ধরে তারা এই মহৎ কাজের সাথে যুক্ত রয়েছেন।

আগামীতেও তাঁরা এই প্রয়াস অব‍্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। এরপর উনিশ ও রক্তদান নিয়ে বক্তব‍্য রাখেন উপস্থিত বক্তারা। সন্তোষকুমার রায় সিভিল হাসপাতালের ব্লাড সেন্টারের ভারপ্রাপ্ত ডাঃ অমিত সিনহার নেতৃত্বে রক্ত সংগ্রহ করেন শাহ আলম মজুমদার, তীর্থ প্রসাদ মালাকার, বদরুল হক, মিস এস স্টার এবং সিন্ধু দাস। শিবিরে মোট ৩৫জন রক্তদাতা রক্তদান করেন।

উল্লেখ‍্য, এদিন বক্তব‍্য রাখেন সভাপতি সুশান্তমোহন চট্টোপাধ্যায়, পুর সদস‍্য রাজু চক্রবর্তী, দুর্গাবাড়ির সভাপতি ভানু বিশ্বাস, সম্পাদক চয়ন চৌধুরী, ফোরামের জেলা সম্পাদক রঞ্জিৎ ঘোষ, সহ সভাপতি মাধবী শর্মা, মহিলা শাখার সভাপতি শিপ্রা শর্মা, কোষাধ‍্যক্ষ নারায়ণচন্দ্র দাস, সাংবাদিক ড০ শতানন্দ ভট্টাচার্য, অনিন্দ‍্য নাথ, মিঠুলাল চৌধুরী, বরিষ্ঠ নাগরিক সংস্থার সভাপতি ডাঃ নারায়ণ দেবনাথ, মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ভগবান দাস সারদা, সম্পাদক সুদীপ পাল, হিন্দু রক্ষী দলের মনোজ বিশ্বাস, মৃগেন দেব বাপ্পা সহ ফোরামের সদস‍্য শঙ্কর চৌধুরী, কবিতা দাস, অরুন্ধতী দেব, সুপ্রিয়া পাল, পশ্চিমবঙ্গ থেকে আগত অমিয় সাহা, সৌম‍্য মুখার্জি প্রমুখ। এদিকে, সুরানা মটরস এর পক্ষ থেকে রক্তদাতাদের কৃতজ্ঞতা জানান হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *