বরাক তরঙ্গ, ২০ মে : কাছাড় জেলার ইটখোলা অসম গ্রামীণ ব্যাঙ্কের শাখায় কর্মরত দুই কর্মীর উপর হামলার ঘটনায় জেলাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে ব্যাঙ্ক কর্মীদের উপর হামলার এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছে ব্যাঙ্ক মহল। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে অসম গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশন এবং অসম গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন-এর সমন্বয় কমিটি।
এই বিষয়ে কাছাড় জেলার পুলিশ সুপারকে উদ্দেশ্য করে বিস্তারিত স্মারকপত্র প্রদান করেছে সংগঠনদ্বয়। স্মারকপত্রে জানানো হয়েছে যে, ১৫ মে ইটখোলা শাখার সহকারী শাখা প্রবন্ধক নবরাজ ছেত্রী এবং মজুরিভিত্তিক কর্মী তিলক দাস নিয়মিত সরকারি দায়িত্ব পালন করছিলেন। অভিযোগ, ওই সময় ঋণ পুনরুদ্ধার তথা অনিয়মিত ঋণ সংক্রান্ত কাজে বের হলে কিছু দুষ্কৃতী তাঁদের উপর অতর্কিতে হামলা চালায়। হামলায় দুই কর্মী গুরুতরভাবে আহত হন।
ঘটনার পর থেকেই ব্যাঙ্ক কর্মীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সংগঠনগুলির বক্তব্য, সাধারণ মানুষের আর্থিক পরিষেবা নিশ্চিত করতে প্রতিদিন নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দায়িত্ব পালন করেন ব্যাঙ্ক কর্মীরা। গ্রাহক পরিষেবা, ঋণ বণ্টন, ঋণ পুনরুদ্ধার, সরকারি প্রকল্প বাস্তবায়ন সহ একাধিক গুরুত্বপূর্ণ কাজ সামলাতে হয় তাঁদের। কিন্তু ক্রমশ ব্যাঙ্ক কর্মীদের উপর দুর্ব্যবহার, হুমকি ও শারীরিক হেনস্তার ঘটনা বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
স্মারকপত্রে আরও উল্লেখ করা হয়েছে, সমস্ত ব্যাঙ্কেই গ্রাহকদের অভিযোগ জানানোর নির্দিষ্ট ও স্বীকৃত পদ্ধতি রয়েছে। কিন্তু কিছু ব্যক্তি সেই প্রক্রিয়া অনুসরণ না করে আইন নিজের হাতে তুলে নিচ্ছেন। এর ফলে ব্যাঙ্ক কর্মীদের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ছে। সংগঠনদ্বয়ের মতে, এই ধরনের হামলা শুধু ব্যাঙ্ক কর্মীদের মনোবল ভাঙার চেষ্টা নয়, বরং সমগ্র ব্যাঙ্কিং ব্যবস্থার উপর আঘাত।
সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইটখোলা শাখার এই ঘটনা অত্যন্ত গুরুতর এবং প্রশাসনের উচিত দ্রুত তদন্ত চালিয়ে দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা। একই সঙ্গে জেলার সমস্ত ব্যাঙ্ক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ গ্রহণের দাবিও জানানো হয়েছে। তাঁদের বক্তব্য, নিরাপদ কর্মপরিবেশ ছাড়া কোনও সরকারি বা আর্থিক পরিষেবা সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব নয়।
ব্যাঙ্ক সংগঠনগুলি আরও জানায় যে, বর্তমান পরিস্থিতিতে ব্যাঙ্ক কর্মীরা চরম মানসিক চাপের মধ্যে কাজ করছেন। গ্রাহকদের স্বার্থে তাঁরা সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে পরিষেবা দিয়ে চলেছেন, কিন্তু বারবার হামলা ও হেনস্তার ঘটনায় কর্মীদের মধ্যে ক্ষোভ ও অনিশ্চয়তা বাড়ছে। এই অবস্থায় প্রশাসনের সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি বলে মনে করছে সংগঠনগুলি।
উল্লেখ্য, পুলিশ সুপারকে প্রদান করা স্মারকপত্রে স্বাক্ষর করেন অসম গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশন-এর শিলচর আঞ্চলিক পরিষদের আঞ্চলিক সম্পাদক জন্মজিৎ দেবনাথ এবং অসম গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন-এর শিলচর আঞ্চলিক কমিটির আঞ্চলিক সম্পাদক প্রীতম চন্দ । তাঁরা দুইজনেই ঘটনায় সঠিক তদন্ত এবং দোষীদের সনাক্ত করে দ্রুত পদক্ষেপের আশায় পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।



