NEET প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শিলচরে NSUI-এর বিক্ষোভ মিছিল

Spread the news

বরাক তরঙ্গ, ২০ মে : NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে বুধবার শিলচরে বিক্ষোভ মিছিল বের করে অসম রাজ্যিক NSUI। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ তুলে কেন্দ্র ও NTA-র বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা।

এদিন জেলা কংগ্রেস কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে গিয়ে সমাপ্ত হয়। মিছিলে উপস্থিত ছিলেন অসম রাজ্যিক NSUI সভাপতি কৌশিক কাইশাপ কলিতা, কাছাড় জেলা NSUI সভাপতি সামসুল আলম লস্কর সহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।

মিছিল চলাকালীন “NTA হায় হায়”, “শিক্ষামন্ত্রী হায় হায়”, “বিজেপি সরকার হায় হায়” সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহর। আন্দোলনকারীদের অভিযোগ, প্রশ্নপত্র ফাঁসের ঘটনার ফলে বহু পরীক্ষার্থী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। একবার পরীক্ষা দেওয়ার পর পুনরায় পরীক্ষায় বসতে বাধ্য হওয়ায় শিক্ষার্থীদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে বলেও দাবি করেন তারা।

বিক্ষোভকারীরা বলেন, সম্পূর্ণ ঘটনার জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-র গাফিলতিই দায়ী। এই ধরনের অনিয়মের ফলে দেশের শিক্ষাব্যবস্থার উপর থেকে সাধারণ মানুষের আস্থা নষ্ট হচ্ছে। তাই অবিলম্বে NTA-কে নিষিদ্ধ করা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তোলেন তারা।

এছাড়াও পুনরায় পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা করার দাবিও জানানো হয়। বক্তব্যে NSUI নেতৃত্ব দাবি করেন, এর আগেও একাধিক জাতীয় স্তরের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে, যার পেছনে বড় ধরনের দুর্নীতির যোগ থাকতে পারে। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় আগামী দিনেও রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলন জারি থাকবে বলেও জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *