বরাক তরঙ্গ, ২০ মে : পেট্রোল, ডিজেল, রন্ধন গ্যাস সহ সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ করার জোরালো দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করল এসইউসিআই (সি) দলের কাছাড় জেলা কমিটি। কাছাড়ের জেলা কমিশনারের মারফতে স্মারকপত্রটি পাঠানো হয়। স্মারকপত্র প্রদানের আগে আজ দলের কর্মী ও সমর্থকরা শিলচরে জেলা কমিশনার কার্যালয়ের সামনে জড়ো হয়ে এক জোরালো বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীরা বর্তমান সময়ে সাধারণ মানুষের জীবনযাত্রার দুর্বিষহ পরিস্থিতির কথা তুলে ধরে সরকারের গণবিরোধী নীতির বিরুদ্ধে স্লোগান দেন।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন এসইউসিআই (সি) দলের কাছাড় জেলা কমিটির অন্যতম সদস্য শ্যামদেও কুর্মী, সুব্রতচন্দ্র নাথ এবং অজয় রায়। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “আজ পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। এর ফলে বাজারজুড়ে সমস্ত নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম আকাশছোঁয়া। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলোর পক্ষে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। নেতৃবৃন্দ অবিলম্বে সরকারকে বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান এবং হুঁশিয়ারি দেন, সাধারণ মানুষের স্বার্থে এই মূল্যবৃদ্ধি রোধ করা না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

বিক্ষোভ প্রদর্শন শেষে দলের একটি প্রতিনিধি দল জেলা কমিশনারের সঙ্গে দেখা করে স্মারকপত্রটি তুলে দেন। প্রতিনিধি দলে ছিলেন শ্যামদেও কুর্মী, সুব্রতচন্দ্র নাথ, অঞ্জনকুমার চন্দ, হিল্লোল ভট্টাচার্য, বিজিতকুমার সিনহা প্রমুখ।



