বরাক তরঙ্গ, ২০ মে : আন্তর্জাতিক হিন্দি অলিম্পিয়াডে অসাধারণ সাফল্য অর্জন করে গোটা উত্তর-পূর্ব ভারতের শিক্ষাঙ্গনে নতুন গৌরবের ইতিহাস রচনা করেছে পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুল। আন্তর্জাতিক স্তরের এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীর কৃতিত্বে গর্বিত পাথারকান্দি তথা সমগ্র বরাক উপত্যকা। শিক্ষার্থীদের এই সাফল্য শুধু বিদ্যালয়ের নয়, সমগ্র অঞ্চলের শিক্ষাক্ষেত্রের জন্য এক বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
ভারতের কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (CBSE), বিদেশ মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদিত ‘হিন্দি অলিম্পিয়াড ফাউন্ডেশন, নিউ দিল্লি’-র উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের ২৫টিরও বেশি দেশের প্রায় পাঁচ হাজার বিদ্যালয় এবং ভারতের ১৫ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। ভাষাগত দক্ষতা, ব্যাকরণ জ্ঞান, সাহিত্যচেতনা এবং বিশ্লেষণী ক্ষমতার কঠিন পরীক্ষায় নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখে উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলের শিক্ষার্থীরা।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, চতুর্থ শ্রেণির ছাত্র শ্রেয়ান কৈরী এবং দশম শ্রেণির ছাত্র প্রবীণ কানু উত্তর-পূর্বাঞ্চল স্তরে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক অর্জন করেছে। এছাড়াও চতুর্থ শ্রেণির ছাত্রী তামান্না সিদ্দিকা ও ষষ্ঠ শ্রেণির ছাত্রী শ্রেষ্ঠা কালাঞ্জি দ্বিতীয় স্থান লাভ করে রৌপ্যপদক জিতেছে। একই সঙ্গে চতুর্থ শ্রেণির ছাত্রী মায়সারা সাদিয়া তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জপদক অর্জন করে বিদ্যালয়ের সম্মান আরও বাড়িয়ে তুলেছে।

শিক্ষার্থীদের এই উল্লেখযোগ্য সাফল্যে আনন্দে ভাসছে বিদ্যালয় পরিবার। শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং এলাকার বিশিষ্টজনেরা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়, শিক্ষকদের নিরলস প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে।
বিদ্যালয়ের অধ্যক্ষ বলেন, আন্তর্জাতিক মঞ্চে শিক্ষার্থীদের এই অর্জন অত্যন্ত গর্বের বিষয়। ভবিষ্যতে এই সাফল্য আরও অনেক শিক্ষার্থীকে অনুপ্রাণিত করবে। পাশাপাশি ভাষা, সংস্কৃতি ও নৈতিক শিক্ষার বিকাশেও বিদ্যালয় সমান গুরুত্ব দিয়ে চলেছে।



