শুভেন্দুর আপ্তসহায়ক খুনে বারাণসী থেকে গ্রেফতার আরও ১, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫

Spread the news

২০ মে : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের তদন্তে ফের বড়সড়ো সাফল্য পেল সিবিআই (CBI)। মঙ্গলবার রাতে উত্তরপ্রদেশের বারাণসী থেকে বিনয় রাই নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এই নিয়ে হাইপ্রোফাইল এই হত্যাকাণ্ডে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ধৃত পাঁচজনের মধ্যে চারজনই উত্তরপ্রদেশের বাসিন্দা।

বঙ্গ বিধানসভার ফলাফল ঘোষণার ঠিক দু’দিন পর, গত ৬ মে রাতে মধ্যমগ্রামের রাস্তায় চন্দ্রনাথকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর, এবং গুরুতর জখম হন তাঁর গাড়িচালক। ঘটনার গুরুত্ব বিবেচনা করে রাজ্য পুলিশ প্রথমে সিআইডির শীর্ষ আধিকারিকের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করে। সিটের আধিকারিকরাই উত্তরপ্রদেশ এবং বিহারের বক্সার থেকে এক শার্প শুটার সহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছিলেন।

পরবর্তীতে আদালতের নির্দেশে মামলার তদন্তভার হাতে নেয় সিবিআই। ধৃতদের দফায় দফায় জেরা করে কেন্দ্রীয় গোয়েন্দারা একাধিক নতুন নাম জানতে পারেন। সেই সূত্র ধরেই গত সোমবার উত্তরপ্রদেশের মুজফফরনগর থেকে গ্রেপ্তার করা হয় পেশাদার শুটার রাজকুমার সিং ওরফে রাজ সিংকে। তার বাড়ি উত্তরপ্রদেশের বালিয়া জেলায়।

রাজকুমারকে জেরা করার পর উত্তরপ্রদেশজুড়ে চিরুনি তল্লাশি চালায় সিবিআই। আর তাতেই মেলে পরবর্তী সাফল্য। জালে জড়ায় বিনয় রাই। গোয়েন্দাদের অনুমান, এই সুপারি কিলিংয়ের পেছনে কোনও গভীর রাজনৈতিক বা ব্যক্তিগত ষড়যন্ত্র রয়েছে। ভিনরাজ্যের পেশাদার শুটারদের কেন এবং কার নির্দেশে ব্যবহার করা হয়েছিল, এখন তারই উৎস সন্ধানে মরিয়া সিবিআই। ধৃতদের নিজেদের হেপাজতে নিয়ে আরও বড় মাথার খোঁজে জেরা চালাচ্ছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *