সুভাষনগর প্রাইমারি স্কুলে উনিশে মে স্মরণ

Spread the news

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ মে : ঐতিহাসিক উনিশে মে ভাষা শহিদ দিবসের প্রাক্কালে রবিবার সুভাষনগর প্রাইমারি স্কুলে এক স্মরণসভার আয়োজন করা হয়। সাংবাদিক আশিস দাস এবং সুভাষ নগর প্রাইমারি স্কুল কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিতোষ পাল চৌধুরী স্মৃতি পর্ষদের সভাপতি তথা বিশিষ্ট সাংবাদিক হারাণ দে, প্রথিতযশা সাহিত্যিক ও লেখিকা কস্তুরী হোম চৌধুরী, শ্রাবণী সরকার, স্মৃতি পর্ষদের সম্পাদক বিপ্লব পাল চৌধুরী, সাংবাদিক প্রদীপ দাস, বিশিষ্ট নাট্যকর্মী ও সমাজকর্মী বাবলু দত্ত, সাংবাদিক আশিস দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা উনিশে মে ভাষা আন্দোলনের গুরুত্ব ব্যাখ্যা করে বলেন, বর্তমান প্রজন্মের কাছে ১৯৬১ সালের রক্তক্ষয়ী ভাষা আন্দোলন এবং ১১ জন ভাষা শহিদের আত্মত্যাগের সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিপ্লব পাল চৌধুরী। কস্তুরী হোম চৌধুরী তাঁর স্বরচিত কবিতা পাঠ করেন এবং ভাষা আন্দোলনের সর্বাধিনায়ক পরিতোষ পাল চৌধুরীর যথাযথ মূল্যায়নের উপর গুরুত্ব আরোপ করেন। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শ্রাবণী সরকার।

এছাড়াও বক্তব্য রাখেন হারাণ দে, সুভাষনগর প্রাইমারি স্কুলের প্রধানশিক্ষিকা প্রিয়া দাস এবং সাংবাদিক প্রদীপ দাস। অনুষ্ঠানে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষয়িত্রী সমবেত সঙ্গীত পরিবেশন করেন। শেষে শ্রাবণী সরকারের সঙ্গীত পরিবেশনের মাধ্যমে স্মরণসভার সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *