বরাক তরঙ্গ, ১৮ মে : রাজ্যে লাগামছাড়া মূল্যবৃদ্ধি নিয়ে কঠোর অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অত্যাবশ্যকীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধে সোমবার তাঁর সভাপতিত্বে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
পেট্রোল-ডিজেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে যাতে অসাধু চক্র বাজারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়াতে না পারে, সে লক্ষ্যে জেলা প্রশাসনকে একাধিক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।
সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন, “বর্তমান পরিস্থিতির প্রতি লক্ষ্য রেখে আজ এক গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমে রাজ্যের অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য পর্যবেক্ষণ ব্যবস্থার পর্যালোচনা করা হয়েছে। বাজারের ভারসাম্য বজায় রাখা এবং যেকোনও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে একাধিক নির্দেশনা প্রদান করা হয়েছে।”
তিনি জানান, জেলা আয়ুক্তদের নেতৃত্বে আগামী ৩-৪ দিনের মধ্যে জেলা পর্যবেক্ষণ কমিটির বৈঠক আহ্বান করতে হবে। পাশাপাশি সব দোকান ও পাইকারি বিপণিতে খুচরা ও পাইকারি মূল্য তালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অভিযোগ প্রমাণিত হলে ট্রেড লাইসেন্স বাতিলসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেন তিনি।
মুখ্যমন্ত্রী আরও বলেন, “জেলা আয়ুক্ত, চেম্বার এবং বাণিজ্যিক সংস্থাগুলোর সঙ্গে সাপ্তাহিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি চিহ্নিত ও প্রতিরোধে মাঠপর্যায়ে নজরদারি আরও জোরদার করা হবে। এছাড়া এলপিজি সিলিন্ডার বিতরণে সমস্যা দূর করতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের দ্রুত আধার সংযুক্তিকরণের কাজও ত্বরান্বিত করা হবে।”
তিনি আরও আশ্বাস দিয়ে বলেন, “সরকার সর্বদা জনসাধারণের সমস্যা সমাধানে গুরুত্ব দিয়ে এসেছে এবং ভবিষ্যতেও প্রতিটি ক্ষেত্রে দৃঢ়তার সঙ্গে কাজ চালিয়ে যাবে।”



