বরাক তরঙ্গ, ১৮ মে : বকেয়া ঋণ পুনরুদ্ধারের কাজে গিয়ে দুষ্কৃতীদের হামলার শিকার হলেন দুই ব্যাঙ্ক কর্মী। ঘটনাটি ঘটেছে গত ১৫ মে শিলচরের অসম গ্রামীণ ব্যাঙ্কের ইটখলা শাখা এলাকায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ব্যাঙ্ক মহলে।
জানা গেছে, আসাম গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের ইটখলা শাখার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নবরাজ ছেত্রী এবং পিটিএস কর্মী তিলক দাস ঋণ আদায়ের কাজে এলাকায় গিয়েছিলেন। সেই সময় কিছু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী তাঁদের ওপর অতর্কিতে হামলা চালায়। হামলায় নবরাজ ছেত্রীর হাত ভেঙে যায় এবং তিলক দাস মাথায় গুরুতর আঘাত পান। বর্তমানে দু’জনেই শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর ব্যাঙ্কের পক্ষ থেকে স্থানীয় থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। পাশাপাশি ব্যাঙ্ক আধিকারিক ও কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা জেলার সিনিয়র পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে ব্যাঙ্ক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন। এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অব ইন্ডিয়া (বিইএফআই), কাছাড় জেলা কমিটি। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, কর্তব্যরত ব্যাঙ্ক কর্মীদের ওপর এ ধরনের প্রাণঘাতী হামলা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আহত কর্মীদের দ্রুত আরোগ্য কামনা করে সংগঠন প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।
বিইএফআই-এর নেতৃবৃন্দ জানান, অধিকাংশ ব্যাঙ্ক শাখাতেই প্রয়োজনের তুলনায় কর্মী সংখ্যা কম এবং নানা পরিকাঠামোগত সমস্যার মধ্যেও ব্যাংক কর্মীরা নিরলসভাবে গ্রাহক পরিষেবা দিয়ে চলেছেন। এমন পরিস্থিতিতে কর্তব্য পালন করতে গিয়ে কর্মীদের ওপর হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।
সংগঠনের পক্ষ থেকে কাছাড়ের জেলা কমিশনার ও প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে, এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করা হোক এবং ভবিষ্যতে ব্যাংক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হোক।



