বাস থেকে নামিয়ে যুবককে বেধড়ক মারধর, ধৃত চার

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ মে : রাজ্যে ফের এক নৃশংস ‘মোরেল পুলিশিং’-এর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হোজাই জেলার ডবকার মদার এলাকায় ৩৬ নম্বর জাতীয় সড়কে যাত্রীবাহী বাস থেকে এক যুবককে জোর করে নামিয়ে রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। গুরুতর আহত যুবকের নাম জুয়েল আহমদ।

অভিযোগ অনুযায়ী, জুয়েল আহমদকে বাস থেকে নামানোর পর অভিযুক্তরা নির্মমভাবে মারধর চালায়। শুধু তাই নয়, চলন্ত গাড়ির নিচে ফেলে দিয়ে তাঁকে হত্যার চেষ্টাও করা হয় বলে অভিযোগ। ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় গ্রাম রক্ষীবাহিনীর সম্পাদক ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় জুয়েলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য নগাঁওয়ে পাঠানো হয়।

জানা গেছে, গত ১৫ মে সন্ধ্যায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং ৬২/২০২৬ নম্বর মামলা রুজু করে। তদন্তের ভিত্তিতে শনিবার চার অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে তোলা হয়। পরে আদালতের নির্দেশে তাঁদের জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতার হওয়া অভিযুক্তরা হল আবু সামা, সাদ্দাম হোসেন, কৃষ্ণ হাজোয়ারি এবং শান্তক বিশ্বকর্মা। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভুক্তভোগী যুবক জুয়েল আহমদ নগাঁও থেকে তাঁর প্রেমিকাকে নিয়ে ডিমাপুরে যাওয়ার পথে হামলার শিকার হন। ধৃতদের মধ্যে দু’জন ওই তরুণীর আত্মীয় বলেও পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি রাজ্যে ফের ‘মোরেল পুলিশিং’-এর ঘটনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *