শিলচরে ভাষা আন্দোলনের চেতনায় আবেগঘন ‘১৯-এর মহাপথচলা’

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ মে : আগামী ১৯ মে ভাষা শহিদ দিবসকে সামনে রেখে রবিবার শিলচরের রাজপথে অনুষ্ঠিত হলো আবেগ, ঐতিহ্য ও ভাষাপ্রেমে ভরা ‘১৯-এর মহাপথচলা’। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ, শিলচরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সমাজের নানা স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভাষা আন্দোলনের স্মৃতিকে আবারও জীবন্ত করে তোলে। রাঙ্গিরখাড়ি শহিদ স্মারকের পাদদেশে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় এই মহাপথচলা।

‘হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় ঊনিশ’— এই মূল ভাবনাকে সামনে রেখে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজের ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ শোভাযাত্রায় অংশ নেন। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির মর্যাদা রক্ষার বার্তা বহন করে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে জেলা ক্রীড়া সংস্থার ময়দানে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত হয় পথনাটিকা, কবিতা আবৃত্তি, সঙ্গীত ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন পরিবেশনার মাধ্যমে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয় ১৯৬১ সালের ভাষা আন্দোলনের ইতিহাস এবং ভাষা শহীদদের আত্মত্যাগের গৌরবগাথা।

অনুষ্ঠান থেকে আয়োজকরা সরকারের কাছে একাধিক গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন। দাবিগুলির মধ্যে ছিল ভাষা শহীদদের সরকারি স্বীকৃতি প্রদান, মেলহোত্রা কমিশনের সুপারিশ বাস্তবায়ন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলা ভাষায় পাঠদান চালু, জেলা গ্রন্থাগারের সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করা এবং শিলচর রেলস্টেশনের নাম ‘ভাষা শহিদ স্টেশন’ হিসেবে ঘোষণা করা। ভাষার জন্য আত্মবলিদানকারী শহিদদের স্মরণে এই মহাপথচলা শুধুমাত্র একটি শোভাযাত্রা নয়, বরং বাংলা ভাষা ও সংস্কৃতির অস্তিত্ব রক্ষায় এক আবেগময় অঙ্গীকার হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *