১৭ মে : প্রায় এক হাজার বছর পুরনো চোল আমলের দুর্মূল্য তাম্রলিপি ফেরত দিল নেদারল্যান্ডস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেদারল্যান্ডস সফরের মধ্যেই এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন ভারতের হাতে তুলে দেওয়া হয়। গোটা ঘটনাকে বড় কূটনৈতিক সাফল্য হিসেবেই দেখছে কূটনৈতিক মহল। দুর্মূল্য এই ঐতিহ্য ফিরে পাওয়ার পর প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে জানান, “প্রতিটি ভারতবাসীর জন্য এটি গর্বের মুহূর্ত। একাদশ শতাব্দীর চোল আমলের তাম্রলিপি নেদারল্যান্ডস থেকে ভারতে ফিরিয়ে আনা হচ্ছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর উপস্থিতি ছিল।”
জানা গিয়েছে, মোট ২৪টি তাম্রলিপি ভারতের হাতে তুলে দিয়েছে নেদারল্যান্ডস সরকার। চোল রাজবংশের অন্যতম গুরুত্বপূর্ণ নথি হিসেবে এগুলিকে বিবেচনা করা হয়। একই সঙ্গে তামিল ঐতিহ্যেরও অত্যন্ত মূল্যবান নিদর্শন বলে মনে করা হয়। ঐতিহাসিক সূত্রে জানা যায়, এই তাম্রলিপিগুলি সম্রাট প্রথম রাজরাজ চোলের শাসনামলের। প্রায় ৩০ কেজি ওজনের এই তাম্রলিপিগুলি একটি ব্রোঞ্জের আংটির মাধ্যমে একত্রে বাঁধা রয়েছে, যার উপর চোল রাজবংশের সিলমোহর খোদাই করা আছে। তাম্রলিপির একাংশ সংস্কৃত ভাষায় এবং অন্য অংশ তামিল ভাষায় লেখা।
১৭০০ সালে খ্রিস্টান ধর্মপ্রচারক ফ্লোরেনটিয়াস ক্যাম্পার ভারত থেকে এই তাম্রলিপিগুলি নেদারল্যান্ডসে নিয়ে যান বলে জানা যায়। সম্প্রতি নেদারল্যান্ডস সরকারের গঠিত একটি কমিটি তদন্তের পর সিদ্ধান্তে পৌঁছায় যে, এই ঐতিহাসিক নিদর্শনের প্রকৃত অধিকার একমাত্র ভারতেরই। এরপরই সেগুলি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।



