অপহৃতদের দ্রুত মুক্তির দাবিতে কাঙ্গপোকপি জেলার কাংলাটংবিতে বিক্ষোভ

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ মে : মণিপুরে নাগা সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ও ক্ষোভ ক্রমেই বাড়ছে। অভিযোগ, কাঙ্গপোকপি জেলার লেইলোন ভাইফেই কুকি গ্রাম থেকে অপহৃত ছয়জন সাধারণ নাগরিক এখনও ১৩ মে-র পর থেকে বন্দিদশায় রয়েছেন। খবর অনুযায়ী, ঘটনার দিন সশস্ত্র কুকি গোষ্ঠীর সদস্যরা প্রায় ২০ জন নাগা নাগরিককে জিম্মি করে নিয়ে যায়। পরে তাঁদের মধ্যে কয়েকজনকে মুক্তি দেওয়া হলেও এখনও ছয়জনের কোনও খোঁজ মেলেনি। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সামাজিক সংগঠনের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

অপহৃতদের দ্রুত মুক্তির দাবিতে কাঙ্গপোকপি জেলার কাংলাটংবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে কৌব্রু রেঞ্জ লিয়াংমাই উইমেন্স ইউনিয়ন। এক বিক্ষোভকারী বলেন, “১৩ মে কনসাখুল এলাকার আমাদের প্রিয় নাগা নাগরিকদের অপহরণের পর থেকেই আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। এখনও ছয়জন মুক্তি পাননি। তাঁদের নিরাপদ মুক্তির দাবিতে আমরা বারবার আবেদন জানিয়েছি, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনও ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।”

কেন্দ্রীয় সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করে তিনি আরও বলেন, অপহৃতদের পরিবার চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। বিক্ষোভকারী বলেন, “আমরা জানি না আমাদের নাগা ভাইরা আদৌ বেঁচে আছেন কি না। আমরা আপনাদের সাহায্য চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *