বরাক তরঙ্গ, ১৭ মে : ধলাইয়ের রাজঘাট এলাকায় এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটল। জনশূন্য ঘর থেকে প্রায় সাত লক্ষ টাকার মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে যায় দুষ্কৃতিরা। মারপিট ও মাদক সংক্রান্ত মামলায় অভিযুক্ত হওয়ায় পরিবারের সবাই ঘর ছেড়ে পালিয়ে রয়েছেন। আর এই সুযোগে দুষ্কৃতিরা তাণ্ডব চালায়। এমনটা জানালেন পরিবারের কর্তা ইসলাম উদ্দিন চৌধুরী। রবিবার বাড়িতে এসে এমন অবস্থা দেখে হতবাক হয়ে পড়েন। সাংবাদিক ডেকে তাণ্ডবের চিত্র তুলে ধরে জানান, ৪২ বস্তা সুপারি, সোনার অলঙ্কার, টিভি, কম্পিউটার সহ নগদ কিছু টাকা নিয়ে যায় দুষ্কৃতিরা। তিনি জানান, শুক্রবার এলাকার এক ব্যক্তি তাকে ফোনে জানান ঘরের জানালার কাঁচ ভাঙা রয়েছে। তিনি ভেবেছিলেন কোন শিশু হয়তো শয়তানি করে ভেঙেছে। রবিবার তিনি বাড়িতে এসে দেখতে পান এমন কর্মকাণ্ড। তিনি ঘটনায় বিবাদীরা জড়িত বলে সন্দেহ করেন। বলেন, শীঘ্রই তিনি মামলা দায়ের করতে চলেছেন।
এ দিকে, ২৮ মার্চের ঘটনার বিবরণ তুলে ধরে বলেন, রাস্তার বিবাদের রেষ টেনে মারপিট করে ভুয়ো মামলা করেছেন প্রতিবেশী ইয়াহইয়া লস্কর। রাস্তাটি প্রাক্তন জেলা পরিষদ কমরুল হকের সময়ে নির্মাণ করা হয়েছিল। এরপর থেকে রাস্তা দিয়ে কোনও যানবাহন চলাচলে বাধা দিয়ে আসছিলেন লস্কররা। ২৮ মার্চ ওইদিন তাঁর ঘরের সামনে একটি গাড়ি দাঁড় করা ছিল, তখন ইয়াহইয়া লস্কর নিজের বাহন নিয়ে আসছিলেন। সেসময় তিনি আটকা পড়লে তাঁর ছেলেকে ডেকে গালিগালাজ করেন। এসব শোনে ছেলের মা অর্থাৎ ইসলাম উদ্দিন চৌধুরীর স্ত্রী বের হলে ওকে গালিগালাজ সহ মারপিট করেন। তিনি পাশে ক্ষেতের জমিতে কাজে ছিলেন, দৌঁড়ে পৌঁছেন সেখানে। তবে কিছু বোঝার আগেই তাঁর ওপরও হাত তুলেন লস্কর এমনটাই জানালেন চৌধুরী। এ ঘটনার পর ধলাই থানায় গিয়ে মাদক পাচার সহ মারপিট অভিযোগ এনে একটি মিথ্যা মামলা করেছেন বলে দাবি করেন ইসলাম উদ্দিন। তিনি মনে করেন ঘরে লুটপাটের ঘটনায় তাঁদের হাত রয়েছে।



