নিট-ইউজি বাতিলের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ এআইডিএসও-র, এনটিএ বন্ধের দাবি

Spread the news

১২ মে : নিট-ইউজি পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার ও ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করল ছাত্র সংগঠন এআইডিএসও। মঙ্গলবার সংগঠনের কেন্দ্রীয় কাউন্সিলের সাধারণ সম্পাদক শিবাসিস প্রহরাজ এক প্রেস বিবৃতিতে বলেন, কেন্দ্রীয় সরকার মেধাবী ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। তিনি জানান, রাজস্থানে নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের জেরে পরীক্ষা বাতিল এবং সিবিআই তদন্তের নির্দেশ দেশের কেন্দ্রীয়ভাবে পরিচালিত গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলির স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তাঁর অভিযোগ, একটি সুষ্ঠু, নিরাপদ ও স্বচ্ছ পরীক্ষা পরিচালনায় এনটিএ বারবার ব্যর্থ হচ্ছে।

তিনি বলেন, গত কয়েক বছরে বিভিন্ন কেন্দ্রীয় পরীক্ষায় প্রশ্নফাঁস, অনিয়ম, দুর্নীতি ও কারচুপির একাধিক অভিযোগ সামনে এসেছে। সংগঠনের দাবি, এত বড় ধরনের জালিয়াতি সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, এর পেছনে প্রভাবশালী চক্র ও উচ্চপদস্থ কর্তাদের যোগসাজশ রয়েছে। প্রকৃত অপরাধীদের আড়াল করতে তদন্ত অসম্পূর্ণ রাখা হলে ছাত্রছাত্রী ও অভিভাবকদের আস্থা আরও ভেঙে পড়বে বলেও মন্তব্য করা হয়।

বলেন, সংগঠনের মতে অতি-কেন্দ্রীয়কৃত ও ত্রুটিপূর্ণ পরীক্ষা ব্যবস্থা বৃহৎ কোচিং সেন্টারগুলোর স্বার্থ রক্ষা করছে। এর ফলে ছাত্রছাত্রী ও তাদের পরিবারের উপর তীব্র মানসিক এবং আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে। এআইডিএসও আরও দাবি করে, মেডিক্যাল শিক্ষার বেসরকারিকরণের পথ উন্মুক্ত হওয়াই এই দুর্নীতির অন্যতম প্রধান কারণ।

বিবৃতিতে আরও বলেন, নিট-ইউজি-সহ বিভিন্ন কেন্দ্রীয় পরীক্ষাকে ঘিরে ধারাবাহিক প্রতারণার ঘটনায় ছাত্রছাত্রী ও অভিভাবকদের আস্থা চূর্ণ-বিচূর্ণ হয়ে গিয়েছে। শুধুমাত্র বিজ্ঞপ্তি বা আশ্বাস দিয়ে সেই বিশ্বাস ফিরিয়ে আনা সম্ভব নয়। প্রকৃত অপরাধীদের পদমর্যাদা বা ক্ষমতা নির্বিশেষে কঠোর শাস্তির দাবি জানিয়ে সংগঠনটি বলে, জবাবদিহিতা নিশ্চিত না হলে ভবিষ্যতেও এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।

এনটিএ বারবার ব্যর্থ হওয়ায় সংস্থাটিকে অবিলম্বে বন্ধ করার দাবিও জানায় এআইডিএসও। পাশাপাশি ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক ও শিক্ষাপ্রেমী মানুষদের কেন্দ্রীয় পরীক্ষাগুলোকে ঘিরে চলা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *