মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৫ জুলাই : অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টে নিয়মিত তল্লাশির সময় একটি অনলাইন পণ্যবাহী ছয় চাকার কন্টেনার লরি থেকে প্রায় ১৫০ বোতল নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত হওয়া কফ সিরাপের আনুমানিক কালোবাজারি মূল্য দেড় লক্ষাধিক টাকা। ঘটনায় লরির চালককে আটক করে এনডিপিএস আইনে মামলা রুজু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর প্রায় ১২টা ৪৫ মিনিটে AS-01-UC-3968 নম্বরের কন্টেনার লরিটি গুয়াহাটি থেকে আগরতলার উদ্দেশ্যে যাওয়ার পথে চুড়াইবাড়ি ওয়াচ পোস্টে পৌঁছায়। গেট ইনচার্জ নিরঞ্জন দাসের নেতৃত্বে পুলিশ গাড়িটিতে তল্লাশি চালায়। তল্লাশির সময় টিভি, ফ্রিজ ও প্রেসার কুকারের মতো গৃহস্থালি সামগ্রীর আড়ালে লুকিয়ে রাখা একটি কার্টন থেকে উদ্ধার হয় দেড়শ’ বোতল নেশাজাতীয় কফ সিরাপ।
ধৃত চালকের নাম সইফুল ইসলাম (৪৪)। তাঁর বাড়ি শোণিতপুর জেলার তেজপুর সদর থানার পাঁচ মাইল এলাকার বরগুয়ারি গ্রামে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অনলাইন পণ্য পরিবহনের আড়ালে পরিকল্পিতভাবে এই মাদকদ্রব্য ত্রিপুরায় পাচারের চেষ্টা করা হচ্ছিল।
পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে কোনও আন্তঃরাজ্য মাদক পাচারচক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পাচারের উৎস, প্রকৃত মালিক এবং সম্ভাব্য গন্তব্য সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। সীমান্ত এলাকায় মাদক পাচার রুখতে ভবিষ্যতেও কঠোর নজরদারি ও তল্লাশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে চুড়াইবাড়ি পুলিশ।



