বাতিল করা হল নিট-ইউজি ২০২৬ পরীক্ষা, রাজস্থানে আটক ১৫

Spread the news

১২ মে : প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দেশজুড়ে তীব্র বিতর্কের মাঝে অবশেষে বাতিল করা হল নিট-ইউজি ২০২৬ (NEET-UG 2026) পরীক্ষা। মঙ্গলবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। গত ৩ মে অনুষ্ঠিত এই সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তবে প্রশ্নপত্র ফাঁস ও কারচুপির অভিযোগ সামনে আসায় পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।

এনটিএ-র তরফে এক্স (X) হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়, পরীক্ষার স্বচ্ছতা নিয়ে ওঠা অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে আলোচনা করা হয়েছে। তদন্তে উঠে আসা তথ্য খতিয়ে দেখার পরই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এনটিএ-র হাতে তুলে দেওয়া হয়। সেই তথ্য বিশ্লেষণের পর কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসে পুরো পরীক্ষাপদ্ধতির বিশ্বাসযোগ্যতা রক্ষার্থে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

এনটিএ স্পষ্ট জানিয়েছে, বর্তমানে তাদের হাতে থাকা তথ্য অনুযায়ী এই পরীক্ষা আর গ্রহণযোগ্য নয়। গোটা ঘটনার তদন্তভার ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে এনটিএ। পরীক্ষাসংক্রান্ত সমস্ত নথি ও তথ্য সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
সংস্থা জানিয়েছে, খুব শীঘ্রই নতুন করে নিট-ইউজি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার দিনক্ষণ, অ্যাডমিট কার্ড প্রকাশের তারিখ ও নতুন সময়সূচি পরে অফিসিয়াল মাধ্যমে ঘোষণা করা হবে। পরীক্ষার্থীদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না এবং অতিরিক্ত কোনও ফি-ও দিতে হবে না বলে স্পষ্ট করেছে এনটিএ।

এদিকে, নিট-ইউজি ২০২৬ বাতিলের পর তদন্তে নেমে বড় পদক্ষেপ করল রাজস্থান পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)। এখনও পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। তদন্তকারীদের দাবি, চলতি বছরের পরীক্ষা শুরুর আগেই বিভিন্ন সমাজমাধ্যমে প্রশ্নপত্র ঘুরতে শুরু করেছিল। বিষয়টি প্রকাশ্যে আসতেই দেশজুড়ে বিতর্ক ছড়িয়ে পড়ে

সোমবার থেকেই অভিযান শুরু করে এসওজি। রাজস্থানের জয়পুর থেকে মণীশ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, প্রশ্নপত্র ফাঁস চক্রের মূলচক্রী এই মণীশই। বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোটা চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *