মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১১ মে : অসমে তৃতীয়বারের মতো NDA সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে উৎসবের আবহ বিরাজ করছে। এই ঐতিহাসিক অনুষ্ঠানে অংশ নিতে সোমবার রাতে গুয়াহাটিতে পৌঁছান মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী তথা নগর উন্নয়ন, আবাসন ও গণপূর্ত মন্ত্রী একনাথ শিন্ডে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে গুয়াহাটি বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল।
শিন্ডের আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দলীয় নেতা-কর্মী, প্রশাসনিক আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে তাঁকে স্বাগত জানান। ঐতিহ্যবাহী অসমীয়া সংস্কৃতির মাধ্যমে অতিথিকে বরণ করে নেওয়া হয়।
মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে অনুষ্ঠিত হতে চলা শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই রাজ্যজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে, ধারাবাহিকভাবে তৃতীয়বার NDA সরকারের গঠন অসমের জনগণের আস্থা ও সমর্থনের প্রতিফলন। উন্নয়ন, স্থিতিশীলতা ও উত্তর-পূর্ব ভারতের অগ্রগতির নতুন দিগন্ত উন্মোচন করবে এই সরকার বলেই আশা প্রকাশ করেছেন সাধারণ মানুষ।



