মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১০ মে : বিশ্বকবি রবীন্দ্র ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে কবিগুরুকে স্মরণ করল পাথারকান্দি শিক্ষাখণ্ডের অন্তর্গত বৈঠাখাল এমই স্কুল। বিদ্যালয় প্রাঙ্গণে কবিগুরুর প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং উপস্থিত অতিথিবৃন্দ গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করেন। পরে সমবেত রবীন্দ্র নৃত্যের মাধ্যমে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ছাত্রছাত্রীদের প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত সকলের মন জয় করে নেয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপূর্ব দে তাঁর বক্তব্যে সাহিত্য, সংগীত ও শিক্ষাক্ষেত্রে রবীন্দ্রনাথের অসামান্য অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি ছাত্রছাত্রীদের কবিগুরুর জীবনাদর্শ অনুসরণ করে মানবিক মূল্যবোধে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।
এদিকে, অনুষ্ঠানে বিগত শিক্ষাবর্ষের ছাত্রীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। একইসঙ্গে নতুন শিক্ষাবর্ষে বিদ্যালয়ে আগত নবাগত ছাত্রছাত্রীদের ছোট উপহারের মাধ্যমে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের নবাগত শিক্ষক আবু সুফিয়ান, বিজ্ঞান শিক্ষিকা অঞ্জিতা সিংহ, হিন্দি শিক্ষিকা কল্যাণী সিংহ, অসমিয়া ভাষার শিক্ষক বিনয় দাস এবং এমটিএস কর্মী সুধীর বৈষ্ণবকে বিশেষ সংবর্ধনা জানানো হয়।
এদিন সহকারী শিক্ষিকা বেলা রাণী নাথের আবৃত্তি করা রবীন্দ্র কবিতা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের বিভিন্ন নৃত্য, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক বিনয় দাস, আবু সুফিয়ান, অঞ্জিতা সিংহ, কল্যাণী সিংহ ও সুধীর বৈষ্ণব। ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করে সুরুচিতা রায় ও মালতী বিন সহ অনেকে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক বিনয় দাস।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা সমিতির সহ-সভানেত্রী প্রতিমা তেলেঙ্গা, সদস্য সনাতন তাঁতি, শিবানী রায়, অর্পনা চন্দ, নির্মলা রবিদাস, সত্যেন চন্দ প্রমুখ।



