বরাক তরঙ্গ, ১০ মে : অসমের রাজনৈতিক অঙ্গনে নতুন সরকার গঠনের প্রক্রিয়া ঘিরে শুরু হয়েছে ব্যাপক তৎপরতা। বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকারের আনুষ্ঠানিক রূপরেখা নির্ধারণের লক্ষ্যে ইতোমধ্যে গুয়াহাটি পৌঁছান বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি। তাঁরা কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে বিজেপি বিধায়ক দলের নেতা নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, আজ রবিবার অনুষ্ঠিত হবে বিজেপি বিধায়ক দলের গুরুত্বপূর্ণ বৈঠক। সেই বৈঠকেই নতুন বিধায়ক দলনেতা নির্বাচন করা হতে পারে। কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপস্থিতিতে আয়োজিত এই বৈঠককে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক অন্দরে শুরু হয়েছে জোর জল্পনা।
নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাবেন, কোন নেতার হাতে গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব যাবে এবং মন্ত্রিসভায় কী ধরনের রদবদল হতে পারে— তা নিয়েই এখন সরগরম রাজনৈতিক মহল। আগামী ১২ মে’র শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে সমগ্র অসমজুড়ে এখন তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা। নতুন সরকার এবং নতুন মন্ত্রিসভার চূড়ান্ত রূপরেখার দিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্য।
উল্লেখ্য, লোকপ্ৰিয় গোপীনাথ বৰদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ফুলের তোড়া, গামোচা এবং দলীয় স্লোগানের মধ্য দিয়ে দুই শীর্ষ নেতাকে উষ্ণ অভ্যর্থনা জানান তিনি।



