শিলচরে শিব মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে টাকা লুট

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ মে : শিলচর শহরের মেহেরপুর এলাকার একটি শিব মন্দিরে চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার সকালে প্রতিদিনের মতো মন্দির খুলতে এসে স্থানীয় এক ব্যক্তি দেখতে পান, মন্দিরের দানবাক্সের গ্লাস ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ঘটনাস্থলে একটি লোহার রড ও বাঁশও পড়ে থাকতে দেখা যায়। এরপর সঙ্গে সঙ্গে রাঙ্গিরখাড়ি টাউন আউটপোস্টে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিক অনুমান, দুষ্কৃতীরা দানবাক্স ভেঙে ভেতরে থাকা টাকা নিয়ে পালিয়ে গেছে।

স্থানীয়দের দাবি, মন্দিরের গ্রিল ও দরজা মজবুতভাবে বন্ধ থাকায় অন্যান্য মূল্যবান সামগ্রী অক্ষত রয়েছে। দুষ্কৃতীদের মূল লক্ষ্য ছিল দানবাক্সের টাকা।

ঘটনার জেরে এলাকায় ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। পাশাপাশি ধর্মীয় স্থানগুলোর নিরাপত্তা আরও জোরদার করারও দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *