বরাক তরঙ্গ, ৬ মে : লায়ন্স ও লিও ক্লাব অব শিলচর সিগনেচারের উদ্যোগে এবং শিলচর লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় উদারবন্দের অরুনাবন্দ চা বাগান হাসপাতালে বুধবার একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয়।
শিবিরে মোট ৭৫ জন রোগীর চোখ পরীক্ষা করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চশমা ও ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়। পাশাপাশি, ছানি আক্রান্ত ৬ জন রোগীকে বিনামূল্যে ক্যাটারাক্ট অস্ত্রোপচারের জন্য শিলচর লায়ন্স আই হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, আগামীকাল তাদের অস্ত্রোপচার সম্পন্ন করে লেন্স ও চশমা প্রদান করে নিজ নিজ বাড়িতে ফিরিয়ে দেওয়া হবে।
এই মানবিক উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। এলাকার মানুষ লায়ন্স ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। ক্লাবের সভাপতি লায়ন সুব্রত বিশ্বাস এবং প্রশাসক লায়ন বাসুদেব ভট্টাচার্য চা বাগানের ম্যানেজার ও হাসপাতালের কর্মীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন লায়ন সুব্রত ধর, লায়ন সুব্রত বিশ্বাস, লায়ন বাসুদেব ভট্টাচার্য, লায়ন ডঃ জয়ন্তী ভট্টাচার্যসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।



