মিলন দাসকে সংবর্ধনা চেস অ্যাসোসিয়েশনের, দাবার উন্নয়নে সক্রিয় ভূমিকার আশ্বাস

Spread the news

বরাক তরঙ্গ, ৬ মে : বিধায়ক নির্বাচিত হওয়ায় হাইলাকান্দি জেলা চেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংস্থার সভাপতি মিলন দাসকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। এদিন সংস্থার প্রতিনিধিদল তাঁর বাসভবনে গিয়ে সম্মাননা স্মারক, উত্তরীয় ও মালা প্রদান করে তাঁকে সম্মানিত করে।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা শতানন্দ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক প্রতুল সিনহা, যুগ্ম সম্পাদক মানসজ্যোতি দেব ও মনোজ সরকার এবং কোষাধ্যক্ষ সৌরীন দেব।

সংবর্ধনা গ্রহণ করে মিলন দাস আশ্বাস দেন, আগামী দিনে হাইলাকান্দিতে দাবার প্রসারে তিনি আরও সক্রিয় ভূমিকা পালন করবেন। অন্যদিকে, সাধারণ সম্পাদক প্রতুল সিনহা জানান, জেলায় দাবা চর্চাকে এগিয়ে নিতে জেলা ও জাতীয় স্তরের প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই বিষয়ে বিস্তারিত রূপরেখা প্রস্তুত করতে খুব শীঘ্রই একটি বৈঠকের আয়োজন করা হবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে হাইলাকান্দি জেলা সিনিয়র সিটিজেন ফোরামের সভাপতি ডাঃ নারায়ণ দেবনাথ, পরিমল সিনহাসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *