বরাকে বিজেপির দাপুটে ফলাফল, ১৩টির মধ্যে ৯ আসনে জয়

Spread the news

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৪ মে : বরাক উপত্যকার ১৩টি বিধানসভা আসনের চূড়ান্ত ফলাফলে স্পষ্ট হয়ে উঠল জনমতের অভিমুখ। তিন জেলার মধ্যে দুই জেলাতেই কার্যত বিরোধীদের মুছে দিয়ে ব্যাপক জয় তুলে নিল ভারতীয় জনতা পার্টি। উপত্যকার মোট ১৩টি আসনের মধ্যে ৯টিতে পদ্ম ফুটেছে, বাকি চারটি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে কংগ্রেসকে।

কাছাড় জেলায় বিজেপির আধিপত্য সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। জেলার ৭টি আসনের মধ্যে ৬টিতেই বিপুল ব্যবধানে জয় পেয়েছেন বিজেপি প্রার্থীরা। লক্ষীপুর কেন্দ্রে কৌশিক রায় ৯৮,৯০৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ধলাই কেন্দ্রে অমিয় কান্তি দাস পেয়েছেন ৯৯,৬৮৩ ভোট। উধারবন্দে ৫৫,০২৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন রাজদীপ রায় গোয়ালা এবং শিলচর কেন্দ্রে ৫১,৯৯১ ভোট পেয়ে জয় নিশ্চিত করেছেন ডাঃ রাজদীপ রায়। বড়খলা কেন্দ্রে ৩৬,২৮৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন কিশোর নাথ এবং কাটিগড়া কেন্দ্রে ৩৩,৭২০ ভোট পেয়ে চমকপ্রদ জয় ছিনিয়ে নিয়েছেন কমলাক্ষ দে পুরকায়স্থ। একমাত্র সোনাই আসনে কংগ্রেসের আমিনুল হক লস্কর ২৭,০৭০ ভোটে জয়ী হয়েছেন।

শ্রীভূমি জেলায় কংগ্রেস কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে। উত্তর করিমগঞ্জ আসন থেকে জাকারিয়া আহমদ এবং দক্ষিণ করিমগঞ্জ থেকে আমিনুল রশিদ চৌধুরী জয়ী হয়েছেন। পাথারকান্দিতে কৃষ্ণেন্দু পাল এবং রামকৃষ্ণনগর কেন্দ্রে বিজয় মালাকার জয়ী হয়েছেন।

অন্যদিকে, হাইলাকান্দি জেলায় বিজেপি প্রায় নিরঙ্কুশ সাফল্য অর্জন করেছে। হাইলাকান্দি সদর আসনে মিলন দাস জয়ী হন। আলগাপুর-কাটলিছড়া আসনে কংগ্রেস প্রার্থী জুবাইর এনাম মজুমদার জয় ছিনিয়ে নিতে সক্ষম হন।

সব মিলিয়ে ২০২৬ সালের এই নির্বাচনে বরাক উপত্যকায় বিজেপির এই অভাবনীয় সাফল্য রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। ১৩টির মধ্যে ৯টি আসন দখল করে তারা যে শক্ত অবস্থান গড়ে তুলেছে, তা আগামী দিনে বিরোধীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *