১ মে : শ্রমিক দিবসে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ঘটল অন্তত পাঁচজনের। জম্মু ও কাশ্মীরে নির্মীয়মাণ সেতু ভেঙে এ ঘটনাটি ঘটেছে। শুক্রবার জম্মুর বানতালাব এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। সেতুটি ভেঙে পড়ায় ধ্বংসস্তূপের নিচে বহু শ্রমিক আটকে পড়েন। তাঁদের উদ্ধারে জোরকদমে শুরু হয়েছে তৎপরতা। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে, এই ঘটনায় ৪ থেকে ৫ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো শুক্রবারও সেতু নির্মাণের কাজ চলছিল। সেই সময় আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতুটি। ফলে সেখানে কর্মরত বহু শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান। অনুমান করা হচ্ছে, এখনও ৫ থেকে ৭ জন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে তৎক্ষণাৎ অভিযান শুরু করা হয়েছে। একাধিক বুলডোজারের সাহায্যে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। পাশাপাশি, উদ্ধারকাজে সহায়তার জন্য সেনাবাহিনীকেও নামানো হয়েছে।



