কালাইনে তীব্র এলপিজি সঙ্কট, মোবাইলে ডেলিভারি সম্পন্ন, ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা

Spread the news

বরাক তরঙ্গ, ১ মে : কাছাড় জেলার কালাইন এলাকায় এলপিজি সিলিন্ডার সরবরাহ নিয়ে চরম বিশৃঙ্খলা ও দুর্নীতির অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ গ্রাহকরা। অভিযোগের কেন্দ্রবিন্দুতে কালাইন ইন্ডেন সার্ভিস গ্যাস এজেন্সি। স্থানীয়দের অভিযোগ, নিয়ম মেনে গ্যাস বুকিং করার পরও অধিকাংশ গ্রাহক সিলিন্ডার পাচ্ছেন না। অথচ মোবাইলে ডেলিভারি সম্পন্ন হওয়ার মেসেজ পৌঁছে যাচ্ছে। বাস্তবে বহু গ্রাহকই কোনও সিলিন্ডার গ্রহণ করেননি বলে দাবি করেছেন। গ্রাহকদের আরও অভিযোগ, এই সিলিন্ডারগুলো পরবর্তীতে খোলা বাজারে ২ থেকে ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ফলে বড় প্রশ্ন উঠছে—এজেন্সি থেকে সিলিন্ডার বাইরে না গেলে কালোবাজারিদের হাতে এত সিলিন্ডার পৌঁছাচ্ছে কীভাবে? গ্রাহকদের না দিয়েই কীভাবে ডেলিভারি দেখানো হচ্ছে? অনেকের মতে, এই ঘটনায় এজেন্সির ভেতরের কিছু অসাধু কর্মীর যোগসাজশ থাকতে পারে।

এদিকে, গ্যাসের আশায় ভোর থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও অধিকাংশ মানুষকে খালি হাতে ফিরতে হচ্ছে। অভিযোগ রয়েছে, অবৈধভাবে অগ্রিম টাকা নিয়ে টোকেন দেওয়া হলেও সেই টোকেন নিয়েও দিনের পর দিন ঘুরেও সিলিন্ডার মিলছে না। রান্নার গ্যাসের মতো অত্যাবশ্যকীয় পরিষেবার অভাবে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সমস্যায় পড়েছে অসংখ্য পরিবার।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই কালাইন ইন্ডেন সার্ভিস গ্যাস এজেন্সির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ গ্রাহক ও সচেতন মহল অবিলম্বে নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *